কলকাতা: চোরবাগানকাণ্ডে নিহত প্রিয়া সমাদ্দারের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালও নিহতদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কথা বলেছিলেন নিহতদের পরিবারের সঙ্গে। তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। আজ নিউ ব্যারাকপুরের প্রিয়া সমাদ্দারের বাড়িতে গিয়েছেন তিনি। তাঁর বাড়ির লোকের হাতে ক্ষতিপূরণ হিসাবে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।
প্রিয়া সমাদ্দারের বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার জেলা শাসকও ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এ ছাড়াও ছিলেন খড়দার বিধায়ক তথা মন্ত্রী কল্যাণ চক্রবর্তীও। পরিবারের লোকের হাতে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। এ ছাড়াও তাঁর একটি ছোট বোন রয়েছে। তার পড়াশোনা সংক্রান্ত বিষয় দেখার জন্য নির্দেশ দিলেন জেলা শাসককে। এ ছাড়াও ওই পরিবারের পাশে থাকার বার্তাও দিলেন তিনি।
প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া সমাদ্দারের পরিবারের তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, ওই দিন সে ও তাঁর বন্ধু গিয়েছিল ঠাকুর দেখবে বলে। আর তাঁর বাবা বেরিয়েছিলেন মা ও বোনকে নিয়ে। কিন্তু তাঁদের কল্পনাতেও ছিল না ঠাকুর দেখতে গিয়ে এমন পরিণতি হবে। এই ঘটনার পর থেকে শুধু তাঁর পরিবার নয়, গোটা এলাকায় শোকে কাতর। এই আকস্মিক পরিণতি মেনে নিতে পারছেন না এলাকার মানুষ।
আরও পড়ুন: ক্রেডিট কার্ডের Minimum Due মেটাচ্ছেন, তবুও বাড়ছে ঋণ! কেন এমন হচ্ছে?
প্রিয় সমাদ্দারের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, “গতকাল ৬ জনের বাড়ি গিয়েছিলাম। মোট ১৮ জনের কাছে যাব। মজফ্ফরপুর যাওয়া সম্ভব নয়। ওটা জেলা শাসকের মাধ্যমে ক্ষতিপূরণ পাঠিয়েছি। তদন্ত চলছে। আমরা ২৫ লক্ষ টাকা দিয়েছি। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ২৭ লক্ষ টাকা দিয়েছে। ওঁর মিসেস ক্লাস ৮ পাস। ওঁকে একটা কাজ দেব। লোকাল বিডিও অফিসে কাজ দিতে বলেছি ডিএম ম্যাডামকে। আর চালাতে পারলে একটা স্কুলটিও দিতে বলেছি। একটা ছোট্ট বাচ্চা আছে, মানুষ করতে হবে।”