কলকাতা: টাইগার শ্রফের (Tiger Shroff) ওপর গুলি চলার ঘটনার কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গত রবিবার এই ঘটনা ঘটার পরেই, ঘটনার দায়স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। একটি ভয়েজ নোট প্রকাশ্যে এসেছে, যেখানে জানানো হয়েছে, টাইগার শ্রফ লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সমস্ত শর্ত না মানার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। আর এবার, এই বিষয়ে একটি কড়া পদক্ষেপ নেওয়া হল, বলিউড অভিনেতার টিমের তরফে। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু খবর এবং ছবি, যা ভিত্তিহীন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা। সেই সমস্ত কিছুকে রুখতে এবার টাইগার শ্রফের টিমের তরফ থেকে দেওয়া হল কড়া বার্তা।
ভুয়ো খবর ছড়ালেই পদক্ষেপ, হুঁশিয়ারি টাইগার শ্রফের টিমের তরফে
এদিন টাইগার শ্রফের টিমের তরফ থেকে জানানো হয়েছে, গত রবিবার মুম্বইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালানোর মতো যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তার তদন্ত ইতিমধ্যেই করছে পুলিশ। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে এই বিষয় নিয়ে টাইগার শ্রফ এখনও পর্যন্ত কোনও বক্তব্য রাখেননি। কোনও ছবি প্রকাশ করেননি বা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্টও করেননি। ফলে সমাজমাধ্যম জুড়ে টাইগারের ছবি, বক্তব্য বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ঘটনার যে সমস্ত ভিত্তিহীন ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলো রুখতে যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। অন্যথায় টাইগার শ্রফের টিমের তরফ থেকে আইনি চিঠি পাঠানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
পাশাপাশি টাইগার শ্রফের টিমের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত খবর এই বিষয়ে প্রকাশ্যে আনা হচ্ছে, সেগুলি যেন খুব খতিয়ে দেখে, তারপরে প্রকাশ্যে আনা হয়। বিষয়টি যেহেতু যথেষ্ট সংবেদনশীল, সেই কারণে যেন কোনও ভুল খবর ছড়িয়ে না পড়ে। আর ইচ্ছাকৃতভাবে ভুল খবর, ছবি এবং ভিডিও ছড়িয়ে দেওয়ায় কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, তাঁদের নজরে এমন অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে যেগুলি থেকে নিয়মিতভাবে এই ঘটনায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানানো হয়েছে।
আরও পড়ুন: Tiger Shroff: হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?