কারও বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই। ভারতবর্ষের হিন্দুরা বীরকে সম্মান করে, শৌর্ষকে সম্মান করে। ভারতবর্ষের মানুষ কাপুরুষতাকে ঘৃণা করে। দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় এভাবেই প্রতিবাদ জানালেন RSS নেতা জিষ্ণু বসু।
পুজোয় বামেদের বুক স্টল ঘিরে দিকে দিকে অশান্তির ছবি সামনে এসেছে। রাজ্য়ে সিপিএমের বুক স্টল ভাঙচুর, রাজধানীতে ককরোচ জনতা পার্টির আন্দোলন, দুই ঘিরে, যখন উত্তপ্ত রাজনীতি, তারই মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গিয়েছে মুখ্য়মন্ত্রীর মুখে । কাঁথিতে মহাষ্টমীর পুজোয় অংশ নেন শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁর মুখে শোনা যায়, ‘ যাদের বাবা-ঠাকুরদা চিনে থাকে, এদের থেকে খুব সাবধানে থাকবেন।’ কিন্তু বামেদের স্টল ভাঙচুর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য গিয়েছে বিজেপিরই মন্ত্রিসভার সদস্য স্বপন দাশগুপ্তের গলায়। এবার শুধু অর্থমন্ত্রী নন, অন্য সুর শোনা গেল আরএসএস নেতার গলাতেও।
পুজোয় সিপিএমের বুক স্টল, বিগত কয়েক দশক ধরে এই রাজ্য়ের পরিচিত ছবি। কিন্তু, এইবার, বিজেপি সরকারের আমলে এই স্টল ঘিরেই চড়ছে রাজনীতির পারদ। এই আবহেই এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য় করলেন, RSS নেতা জিষ্ণু বসু। তিনি বললেন, কারও বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই। ক্ষমতার দম্ভ নিয়ে যারা বিরোধীকে অত্য়াচার করে তারা কাপুরুষ। তিনি আপও বলেন, ‘যারা এরকম ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে অন্য়ের আদর্শকে বলার অধিকার দিচ্ছেন না, বুকস্টল করতে দিচ্ছেন না, বুকস্টল ভেঙে দিচ্ছেন তারা ভারতবর্ষকেও বোঝেননি। তারা হিন্দুদের নাম নেওয়ার যোগ্য় নন। এটা হিন্দুত্বের বিরুদ্ধে, এটা হিন্দু ভাবনার বিরুদ্ধে। যাঁরা এ কাজ করছেন, তাঁরা প্রকারন্তরে একটা আদর্শবাদের একটা গভীর ক্ষতি করে যাচ্ছেন। CPI(M)-এর বুকস্টল, CPI-এর বুকস্টল বা SUCI-এর বুকস্টল তাদের করার অধিকার আছে।’
তাৎপর্যপূর্ণ মন্তব্য় শোনা গিয়েছে বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্যর মুখেও। বামেদের স্টল ভাঙতে বুলডোজার নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা করে শমীক বলেন, বুলডোজার নিয়ে চলে যাচ্ছে, এটাকে সমর্থন করব এটা কল্পনা করাও পাপ। এ ধরনের ঘটনার সঙ্গে কোনও বিজেপি কর্মী যদি যুক্ত থাকে, আমরা তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্য়বস্থা নেব ।
এই পরিস্থিতিতে, বুক স্টল বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম। আগামীকাল বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।