
বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) বাড়ির সামনে চলল গুলি। রবিবার সন্ধেয় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ঘটনায় অভিনেতার গাড়িচালক সহ, ৩জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সুস্থ আছেন জনপ্রিয় অভিনেতা, তাঁর গায়ে গুলি লাগেনি।

পুলিশ সূত্রে খবর, রবি-সন্ধ্যায় নিজের কাজ সেরে গাড়ি করে বাড়ি ফিরছিলেন টাইগার শ্রফ। তাঁর আবাসনের সামনে একটি মাঠ রয়েছে। সেখানে বিকেলে প্রচুর শিশুরা খেলাধূলা করে। প্রবীণ নাগরিকরা হাঁটতে আসেন। জুহুর এই এলাকাকে যথেষ্ট নিরাপদ বলেই মনে করা হয়।

কিন্তু এই এলাকাতেই টাইগার শ্রফের গাড়িকে একেবারে সামনে থেকে থামিয়ে গুলি করা হয়। আততায়ীদের মুখ ঢাকা ছিল। ওই সময়ে এলাকায় প্রচুর মানুষ ছিলেন কিন্তু ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক হয়ে পড়েছিলেন। সেই সুযোগ নিয়েই পালিয়ে যায় আততায়ীরা।

ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে। এলাকায় ইতিমধ্যেই পুলিশ এসেছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা। জানা গিয়েছে, ১০ রাউন্ড গুলি চলেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনায় একনাথ শিন্ডে জানিয়েছেন, নাগরিকদের সুরক্ষার দিকটা দেখতে পুলিশ তৎপর। কীভাবে মায়ানগরীকে আরও নিরাপদ রাখা যায়, তার জন্য পুলিশ অনবরত কাজ করছে। এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে, কাউকে ছাড়া হবে না। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে এই ঘটনার দায় স্বীকার করেছে, লরেন্স বিষ্ণোই গ্যাং। অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি, এদিন একটি ভয়েজ নোট প্রকাশ করে এই ঘটনার দায় স্বীকার করেছে। আর সেই সূত্রেই উঠে এসেছে, সলমন খানের (Salman Khan) নাম! কিন্তু কেন?

লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে জানানো হয়েছে, সলমন খানের সঙ্গে যে সমস্ত অভিনেতারা কাজ করেছেন, তাঁরা প্রত্যেকেই এই গ্যাং-এর নজরে রয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে আগেই সমস্ত অভিনেতা অভিনেত্রীকে সলমন খানের সঙ্গে কাজ করতে বারণ করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা মানেননি টাইগার শ্রফ।

সেই কারণেই তাঁর ওপর গুলি চলেছে বসে জানানো হয়েছে। এদিন ভয়েজ নোট প্রকাশ করে বার্তা দেওয়া হয়েছে, ‘এই সিনেমা ইন্ডাস্ট্রির যে সমস্ত মানুষ আমাদের থেকে আলাদা হয়ে কাজ করবেন বা সলমন খানের সঙ্গে কাজ করবেন… আমরা তাকে খুন করব। এটা প্রথম এবং শেষ সতর্কতা ছিল। ‘

এদিন যে ভয়েজ নোট প্রকাশ করা হয়েছে, সেখানে আরও বলা হয়েছে, ‘সলমন খান দাউদ ইব্রাহিমের কুকুর। আমরা আমাদের বাড়িতে দাউদের নামে একটা কুকুর পুষেছি।’ পাশাপাশি এই ভয়েজ নোটে আরও বলা হয়েছে যে, টাইগার শ্রফকে নাকি আগেই সতর্ক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কোনও সতর্কবার্তা মানেননি।

টাইগার শ্রফের গাড়িচালক যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলাকারীদের ধরতে স্পেশাল টিম গঠন করা হয়েছে মুম্বই ব্রাঞ্চের তরফ থেকে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অন্যান্য তারকারা।
Published at : 18 Oct 2026 11:16 PM (IST)