নয়া দিল্লি: পড়তেন IIT রুরকিতে। সেখান থেকে পাশ করে বেরতেই হাতে দারুন প্যাকেজের অফারও পেয়েছিলেন। সেই সব কিছু ছেড়ে প্রথম চেষ্টাতেই IAS অফিসার হলেন মহারাষ্ট্রের ক্ষিতিজ গুরভেলে। কঠোর পরিশ্রম, ধারাবাহিক প্রস্তুতি এবং সঠিক পরিকল্পনার জোরে প্রথম প্রচেষ্টাতেই UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হন তিনি। অল ইন্ডিয়া র্যাঙ্ক (AIR) ৪৪১ অর্জন করলে IAS অফিসার হওয়ার স্বপ্নপূরণ হয় ক্ষিতিজের।
আরও পড়ুন: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
তাঁর প্রস্তুতি শুরু হয়েছিল কলেজে পড়ার সময় থেকেই। JEE পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IIT রুরকিতে পড়াশোনার সুযোগ পান তিনি। স্নাতক হওয়ার পর ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে দারুণ প্যাকেজের চাকরি পাওয়ার সুযোগ ছিল তাঁর কাছে। কিন্তু সেই সব ছেড়ে সিভিল সার্ভিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ক্ষিতিজ। প্রথমে তাঁর পরিবার কিছুটা অবাক হলেও নিজের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত ছিলেন ক্ষিতিজ। তিনি ঠিক করেছিলেন, সর্বোচ্চ দু’বার UPSC পরীক্ষায় বসবেন।
প্রস্তুতির ক্ষেত্রে কোনও কোচিংয়ের উপর নির্ভর করেননি তিনি। নিজের হাতে ছোট ছোট নোট তৈরি করতেন, যাতে দ্রুত রিভিশন ও উত্তর লেখার অনুশীলন করা যায়। পাশাপাশি অনলাইন রিসোর্স ব্যবহার করে নিজের মতো করে পড়াশোনার রুটিন তৈরি করেছিলেন। তাঁর মতে, ধারাবাহিকতা এবং পরিকল্পিত প্রস্তুতিই সাফল্যের অন্যতম চাবিকাঠি।
UPSC ইন্টারভিউতেও আত্মবিশ্বাস ও সততার পরিচয় দেন ক্ষিতিজ। তাঁকে প্রশ্ন করা হয়, ১০-এর মধ্যে নিজের পারফরম্যান্সের জন্য কত নম্বর দেবেন? এর উত্তরে তিনি জানান, ৭ নম্বর পেলেও তিনি একজন সিভিল সার্ভেন্ট হিসেবে বেরিয়ে আসবেন।
আরও পড়ুন: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
তবে তাঁর সাফল্যের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বাবাকে চমকে দেওয়া। ফল প্রকাশের পর ক্ষিতিজ তাঁর বাবার অফিসে গিয়ে মজার ছলে বলেন, “বড় আধিকারিক এলে উঠে দাঁড়াতে হয়।” ছেলের সাফল্যে আনন্দিত হন তাঁর বাবা। একই সঙ্গে গর্বে বুকও ফুলে যায় তাঁর। ক্ষিতিজের বার্তা, শুধু কঠোর পরিশ্রম নয়, সঠিক মানসিকতা, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক প্রচেষ্টাও সাফল্যের জন্য জরুরি।