কলকাতা: আজ মুক্তি পেল, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) আর নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালনায় নতুন সিনেমা, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ (Bohurupi: The Golden Daku)। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), সোহিনী সরকার (Sohini Sarkar) এবং কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। ইতিমধ্যেই এই ছবি একাধিক প্রেক্ষাগৃহে যথেষ্ট ভাল শো পেয়েছে। দর্শকেরাও হল ভরিয়ে এই শো দেখছেন। আর এই শো দেখে, কী লিখলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)?
‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়
সোশ্যাল মিডিয়ায় ‘বহুরূপী’-র একটি ছবি শেয়ার করে কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘ ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ দেখলাম। উইন্ডোজ়-এর ব্লকবাস্টার নন্দিতা-শিবু জুটি আবার পুজো মাতাতে আসছে আজ। যারা আড়াই ঘণ্টা জমিয়ে আনন্দ করতে চান, যারা প্রয়োজনে গভীর,গম্ভীর, আন্তর্জাতিক সিনেমার গবেষণা থেকে নিজেদের বিরত রাখতে শিক্ষিত, যারা সমাজের নানা বেনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গায়ের ঝাল ঝাড়তে চান ছবি দেখে; তাদের ছবি এটা। অভিনয়ে, নাচে-গানে, চোর- পুলিশের জমজমাট সাপ-সিঁড়ি খেলায় আপনাকে পর্দা থেকে চোখ সরাতে দেবে না ‘দ্য গোল্ডেন ডাকু’। যদি কেউ মনে করেন এটা স্পেশাল স্ক্রিনিং দেখে বন্ধুকৃত্য করছি; একদম ঠিক ধরেছেন। কিন্তু এটাও মাথায় রাখবেন, কোনও পিঠ চাপড়ানো, সমালোচনা, রিভিউ বা ট্রোল এই জাতীয় বিনোদনকে বাংলার দর্শকদের থেকে অন্তত এই পুজোয় সরিয়ে রাখতে পারবে না। বাঙালির চাপা অনেকগুলো প্রতিবাদ আছড়ে পড়েছে এই ছবিতে । উইন্ডোজ় চিরকালই বিনোদনের মোড়কে সমাজের কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরে। এই ছবি সত্যি বহুরূপী; হাসতে হাসতেই রং পাল্টে বিনোদন থেকে আম জনতার কণ্ঠ হয়ে ওঠে। আমার এই স্তুতি ব্যক্তিগত; আপনারা আপনাদের মতামত জানাবার সুযোগ পাবেন আজ থেকে। ছবিটা বাড়ির সব্বাইকে নিয়ে দেখে তারপর বলুন আমি কতটা ঠিক বা ভুল।শুভ মহা পঞ্চমী। এই শারদোৎসবের প্রতিটি দিন মায়ের পুজোর পাশাপাশি চার সিনেমার উৎসবটাও উপভোগ করুন।’
সোশ্যাল মিডিয়ায় যাঁরা ইতিমধ্যেই এই সিনেমাটি দেখেছেন, তাঁরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এই সিনেমাটি কেমন ব্যবসা করবে, সেই উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Tollywood News: পুজোর ছবি শেয়ার করে নিতেই চূড়ান্ত কটাক্ষ, কুমন্তব্য! পুলিশের দ্বারস্থ টলি-অভিনেত্রী