কলকাতা : শক্তিশালী ও সক্রিয় নিম্নচাপের জেরে আগামীকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জারি করেছে সতর্কতা। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর – এই তিন জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। তার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। 

শুক্রবার ২৫ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে শুক্রবারই সবচেয়ে বেশি দুর্যোগ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমন পূর্বাভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম – এই তিন জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। আর তার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

২৬ সেপ্টেম্বর শনিবারেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম – এই চার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর – এই তিন জেলার দু-এক জায়গায়। এর জন্য জারি রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। এর জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা কমবে ঝড়বৃষ্টি। তারপর সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে আর দুর্যোগের সম্ভাবনা নেই। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *