কলকাতা: সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পড়ে গেলেও, এখনও বর্ষা বিদায় নিচ্ছে না। বরং নতুন করে সতর্কবার্তা দিচ্ছে হাওয়া অফিস। সর্বশেষ বুলেটিনে আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকটা দিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার জেরে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়তে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপটি আপাতত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হবে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই ২টি জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘণ্টাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর, দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। ১৭ সেপ্টেম্বর থেকে নতুন করে, দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা
উত্তরবঙ্গের দিকে নজর দিলে দেখা যাবে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ সেপ্টেম্বর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ সেপ্টেম্বর জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ সেপ্টেম্বর দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ সেপ্টেম্বর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে এবং ১৭ সেপ্টেম্বর জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Prabhat Roy: বর্তমান প্রজন্ম অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে বেশি ভাবে: প্রভাত রায়