মুম্বই : যাদের ভালবাসি, তাদের হাজারবার সরি বলতে পারি। কর্নাটকে একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় পহেলগাঁও কাণ্ডের প্রসঙ্গ টেনে এক বিতর্কিত মন্তব্য করেন সোনু নিগম। তারপর থেকেই কর্নাটকের একাংশে সোনু নিগমকে নিয়ে বিতর্ক শুরু হয়। এবার একটি কনসার্ট শুরুর আগে, সোনু সেই বিতর্কেরই ইতি টানতে চাইলেন । সঙ্গীতশিল্পী সোনু নিগম ( Sonu Nigam) এর এই পুরনো মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে কর্নাটকে। সেই বিতর্কের মাঝেই এবার কন্নড়ভাষী মানুষের কাছে ক্ষমা চাইলেন সোনু।
বেঙ্গালুরুতে আগামী ২৪ অক্টোবর তাঁর কনসার্টের আগে একটি ভিডিও বার্তায় সোনুর আর্জি, সম্পর্ক বাঁচাতে প্রয়োজনে হাজার বার ক্ষমা চাইতেও তাঁর আপত্তি নেই। তাঁর এই বার্তার পরেই কনসার্টের বিরোধিতায় প্রস্তাবিত আন্দোলন প্রত্যাহার করে নেয় কন্নড়পন্থী সংগঠন কর্নাটক রক্ষণ বেদি। পুরনো মন্তব্য নিয়ে বিতর্ক সামলাতে কর্নাটকের মানুষের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় সোনু বলেন, কাউকে ভালবাসলে এবং তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইলে হাজার বার ‘সরি’ বলতেও সমস্যা হওয়ার কথা নয়। গত ৩০ বছর ধরে কর্নাটকের মানুষ তাঁকে যে ভালবাসা ও সম্মান দিয়েছেন, তা তিনি কখনও ভুলতে পারবেন না।
সোনুর বক্তব্য, তাঁর কোনও কথায় অনিচ্ছাকৃতভাবে কারও মনে আঘাত লেগে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। কর্নাটকের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ককে কোনও ভুল বোঝাবুঝি বা তিক্ততার কারণে নষ্ট হতে দিতে চান না।
এই বিতর্কের সূত্রপাত ২০২৫ সালের এপ্রিলে। বেঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু নিগম। সেই সময় দর্শকদের একাংশ বারবার তাঁকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। অভিযোগ, সেই অনুরোধের জবাবে সোনু কিছুটা বিরক্ত হন। ও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে আনেন। এই মন্তব্যে চূড়ান্ত অসন্তুষ্ট হন কন্নড়ভাষী মানুষ। সোনুর মন্তব্যের পরেই সমালোচনায় সরব হন অনেকে। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয় এবং বিতর্ক ছড়িয়ে পড়ে কন্নড় চলচ্চিত্র জগতেও। পরে অবশ্য সোনু নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানিয়েছিলেন, দর্শকদের মধ্যে কয়েকজনের আচরণেই তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। মন্তব্যটি কন্নড়ভাষী সকলকে উদ্দেশ্য করে নয়।
আগামী ২৪ অক্টোবর শহরে তাঁর একটি অনুষ্ঠান রয়েছে। কিন্তু কন্নড়পন্থী সংগঠন KRV-র তরফে বেঙ্গালুরু পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে ওই অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে প্রতিবাদ আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। এর পরেই KRV-র রাজ্য সভাপতি টি এ নারায়ণ গৌড়ার সঙ্গে কথা বলেন সোনু। সেই আলোচনার পর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ভিডিও বার্তা দেন তিনি। সোনুর ক্ষমা চাওয়ার পর প্রস্তাবিত আন্দোলন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।