মুম্বই : লক্ষ্য় শিল্পের অগ্রগতি, উন্নয়ন, উন্নত পরিকাঠামো। বিজেপি ক্ষমতায় এলেই উন্নয়নের জোয়ার আসবে, নির্বাচনের আগে থেকেই বার্তা দিয়ে এসেছে বিজেপি। এ রাজ্যে শিল্পায়নের প্রতিশ্রুতি দিয়ে সিঙ্গুর থেকে ২০২৬ ভোটের দামামা বাজিয়েছিলেন প্রধানমন্ত্রী । আর ক্ষমতায় আসা ইস্তক শিল্প ও বিনিয়োগের ঢল নামানোর আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার মুম্বই গিয়ে শিল্পপতি মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে বিনিয়োগ টানতে গণপতি উৎসবের আবহেই দেশের বাণিজ্যনগরীতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুম্বই গিয়ে কথা বললেন মুকেশ অম্বানি ও তাঁর ছেলে অনন্ত অম্বানির সঙ্গে। রাজ্যে বিনিয়োগ নিয়ে অম্বানিদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
মুকেশ অম্বানির বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে গিয়ে দীর্ঘক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী । মুকেশ অম্বানিকে কালীমূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়াতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। সূত্রের খবর এমনটাই।
সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অম্বানির বাড়িতে গিয়ে তিনি গণপতি বাপ্পার কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। তিনি আরও লেখেন, পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও ভক্তির প্রতীক হিসেবে তিনি অম্বানি
পরিবারকে মা কালীর একটি বিশেষ স্মারক উপহার দিয়েছেন । তিনি মুকেশ,নীতা আম্বানি এবং পুরো অম্বানি পরিবারের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেছেন। তিনি জানান, অম্বানিদের সঙ্গে তাঁর শিল্পের প্রসার এবং কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। রাজ্য এমন বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত, যা বাংলার যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। অম্বানি পরিবারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পোস্টের শেষে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ এবং ‘জয় মা কালী’ লেখেন।