সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : তৃণমূল আমলের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো FIR দায়ের হল। যৌন হেনস্থা, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় জিরো FIR দায়ের হয়েছে বাগুইআটি থানায়। তিনজন মহিলা অভিযোগ দায়ের করেছিলেন ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তের জন্য আবেদন জানিয়েছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তাঁর আবেদনের ভিত্তিতেই এবার জিরো FIR দায়ের হল ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনদের বিরুদ্ধে। কাঠগড়ায় তোলা হয়েছে কয়েকজন সরকারি আধিকারিককেও। এই মামলা পাঠানো হয়েছে বিধাননগর উত্তর থানায়।
এ বিষয়ে অভিযোগকারী রাজীব সরকার বলেন, তথ্য ও সংস্কৃতি দফতরের কিছু মহিলা যারা নির্যাতিতা মহিলা, তাঁরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন রাজ্য ডিজিপি এবং জাতীয় মহিলা কমিশনকে। সেই মহিলারা আবার পুনরায় অভিযোগ জানাচ্ছেন, এফআইআর করার জন্য বেলঘরিয়া থানা এবং হেস্টিংস থানা কলকাতা পুলিশের কাছে। আমার কাছে খবর আছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে OSD এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম করে এই মহিলাদের উপর প্রচণ্ড চাপ আসছে। ইতিমধ্যে তিনজনের মধ্যে একজন আত্মগোপন করেছেন। এই মহিলাদের বক্তব্য সবকিছু নিয়ে আমি একটি জিরো এফআইআর দায়ের করেছি বাগুইআটি থানায়। জিরো এফআইআরের মানে হচ্ছে, আমার কাছে একটা ইনফরমেশন এসেছে অপরাধের। আমি সেই অপরাধের তথ্য পুলিশকে জানিয়েছি। বাগুইআটি থানা প্রাথমিক একটা তদন্ত করে দেখেছে যে, এই অভিযোগের সারবত্তা আছে। তারপর তাঁরা জিরো এফআইআর করেন। যে থানার অধীনে এই ঘটনাগুলো ঘটেছে, এবার সেই থানা তদন্ত করবে। টোটাল অভিযুক্তের তালিকা হচ্ছে প্রায় ৪০ জন। তারমধ্যে উল্লেখযোগ্য রয়েছেন- ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু, সুবোধ সরকার, আলাপন বন্দ্যোপাধ্যায়।