অভিজিৎ চৌধুরী, মালদা, ২৬ অক্টোবর : রাজ্যে (West Bengal) রাজনৈতিক পালাবদলের পরই ফুটপাত দখলমুক্ত করতে বারবার অভিযান চালাতে দেখা গিয়েছে প্রশাসনকে । পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফুটপাতকে পথচারীদের জন্য উন্মুক্ত রাখার কথা বলেছেন বারবার । বিভিন্ন জায়গায় গাড়ি থেকে নেমে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিতেও দেখা গিয়েছে তাঁকে ।
জেলাতেও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে । শহরের যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করতে পথে নামল মালদার (Malda) ইংরেজবাজার পৌরসভা ও জেলা পুলিশ প্রশাসন । সোমবার মালদা শহরের ফোয়ারা মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত অভিযান চালানো হয় । পায়ে হেঁটে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি । অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সম্ভদীপ সরকার, ইংরেজবাজার থানার আইসি পঙ্কজ সিংহ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।
অভিযান চলাকালীন ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের সতর্ক করা হয় । তাঁদের ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে বলে জানানো হয়েছে । পাশাপাশি, ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থাও করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায় । নির্ধারিত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত না করা হলে পরবর্তীতে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে ।
গোটা রাজ্যেই যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে টোটো চলাচল । বিভিন্ন রাস্তায় যান চলাচলের গতি মন্থর হয়ে যাওয়ার নেপথ্যে কাঠগড়ায় তোলা হয়েছে টোটো চলাচলকে । এবার মালদার ইংরেজবাজার শহরের যানজট কমাতেও টোটো চলাচল নিয়ন্ত্রণেরও উদ্যোগ নেওয়া হয়েছে । প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট কয়েকটি পয়েন্ট তৈরি করা হবে, সেই পয়েন্ট ধরেই টোটো শহরে প্রবেশ করতে পারবে । পাশাপাশি, শহরের মধ্যে দুটি পার্কিং জোন তৈরির পরিকল্পনা রয়েছে । সেখানে গাড়ি রেখে শহরবাসী তাঁদের প্রয়োজনীয় কাজ সারতে পারবেন ।
চেয়ারম্যান অম্লান ভাদুড়ি জানান, শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরও সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
আরও পড়ুন: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন