কলকাতা: নিম্নচাপের প্রভাব সরতেই, ধীরে ধীরে ৩ ডিগ্রি পর্যন্ত নামল তাপমাত্রা! আবহাওয়া দফতর জানাচ্ছে, গত ৩ দিনে তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি। রাত এবং সকালের দিকে হাওয়ায় শীতের হিমেল আমেজ অনুভূত হচ্ছে। এর ফলে ভোরের দিকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বেশ অনেকটাই। তবে বেলা গড়ালে, রোদ উঠলে ফের খানিকটা বাড়তে তাপমাত্রা। আবার সূর্য ডুবলেই কিছুটা কমছে তাপমাত্রা। কলকাতা থেকে শুরু করে জেলা, সমস্ত জায়গাতেই তাপমাত্রা কমেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২ দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
শীতের পথে ফের কাঁটা নিম্নচাপ?
অন্যদিকে, আবহাওয়া দফতর জানাচ্ছে, আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে আরেকটি নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়াবে নিম্নচাপ, এখন সেদিকেই নজর আবহবিদদের। রাজ্যে এই নিম্নচাপের প্রভাব বোঝা যাবে আগামী সপ্তাহেই। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, শীতের পথে ফের বাধা হতে পারে এই নিম্নচাপ। ফলে বেশ কয়েকটা দিন ধরে ক্রমাগত পারদ পতন হলেও, শীত আসার পথে বাধা হতে পারে এই নিম্নচাপই। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
নিম্নচাপ নিয়ে কী বলছে আবহাওয়া দফতর?
হাওয়া অফিস জানাচ্ছে, আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিনের মধ্যেই শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলে বড় কোনও দুর্যোগের পূর্বাভাস না থাকলেও বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহবিদরা। তবে নিম্নচাপ ঘনীভূত হলেও, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস নেই। শীতের শুরুর মুখেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই সিস্টেমটি তৈরি হওয়ার পর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে রূপ নিতে পারে।
হেমন্তেই পাহাড়ে তুষারপাত
একদিকে রাজ্য়ে শীতের আমেজ। অন্য়দিকে হেমন্তেই পাহাড়ে দেখা গেল তুষারপাত। সাদা বরফের চাদরে ঢেকেছে লাদাখের দ্রাস। বরফে ঢেকে গেছে দ্রাসের রাস্তা, বাড়ির ছাদ। জম্মু-কাশ্মীর থেকে হিমাচলপ্রদেশের মানালি,লাহুল, স্পিতি- সবই জায়গায় ধরা পড়েছে একই ছবি।
🌦️ Today’s weather update | 12 November 2026 | https://t.co/NFTMOhIubi https://t.co/zSwLh5iDKa
— IMD Kolkata (@ImdKolkata) November 12, 2026