কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর বুধবারই জানিয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলা বাদে রাজ্যের সর্বত্রই স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টি হয়েছে । দুর্গাপুজোর আর বেশি দেরি নেই । সামনেই উৎসবের মরশুম । তার আগে ফের দুর্যোগ ঘনাচ্ছে রাজ্যের আকাশে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার রাজ্যের ২৩ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে । ২৩ জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে । কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । তবে দক্ষিণবঙ্গের দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে । সেই দুই জেলা হল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা ।
পশ্চিমবঙ্গের আবহাওয়া সতর্কতা. Weather Warning for West Bengal pic.twitter.com/FXDICr51th
— IMD Kolkata (@ImdKolkata) September 9, 2026
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ।
আরও পড়ুন: বয়স ভাঁড়ানোয় নির্বাসিত করেছে সিএবি, ভারতীয় দল থেকেও বাদ, পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা
IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে । গতকাল, ৮ সেপ্টেম্বর দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় । ৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস ছিলই । কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে ।
পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস. Weather Forecast for West Bengal. pic.twitter.com/aM2hZZoQ1X
— IMD Kolkata (@ImdKolkata) September 9, 2026
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, নারনৌল, মধ্য উত্তর প্রদেশের নিম্নচাপ এলাকার কেন্দ্র, দেহরি, পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে । এর পাশাপাশি উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত । এই আবহাওয়া পরিস্থিতির জেরে রাজ্যে আজ ৯ সেপ্টেম্বরও বৃষ্টি হবে থেকে থেকে । আপাতত তাই বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনাই নেই ।
১০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ।
আরও পড়ুন: জোর করে ক্লাব দখলের অভিযোগ, গ্রেফতার দেবাশিস কুমার ঘনিষ্ঠ সিএবি-র সদস্য, পরে জামিন