অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ভারী বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে, সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। যদিও বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।
বর্ষার বিদায় পর্ব শুরু হবে আজ থেকে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। রাজস্থানের পশ্চিম থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হবে। তাইল্যান্ডের ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে আজ ১৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আমেরিকান মডেল জিএফএস এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিলেও, এখনও পর্যন্ত ভারতের মৌসম ভবন নিম্নচাপের আশঙ্কাই করছে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ‘অর্ণব’। এই নাম দিয়েছে বাংলাদেশ। তবে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এখন এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছে’, বলছেন সুকান্ত মজুমদার
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া
আজ শনিবার বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ- সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলার দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। বজ্রবিদ্যুৎ- সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের হেলাগুলিতে। সোমবার এবং মঙ্গলবার ঝড়বৃষ্টির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।