West Bengal Dengue Update: পুজোর আনন্দের মাঝে দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি (Dengue)। রাজ্যে চড়চড় করে বাড়ছে মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে ১ থেকে ২৪ অক্টোবরের মধ্যে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৫১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথায় গাফিলতি বা খামতি ছিল, তা খতিয়ে দেখতে সোমবার স্বাস্থ্য ভবনে (Swasthya Bhawan) বসছে উচ্চ পর্যায়ের বৈঠক।
বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিরা, একাধিক দফতরের সচিব, জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা সহ সমস্ত পুরসভার কমিশনার ও আধিকারিকরা। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি বছর রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত (Dengue) হয়েছেন ১২ হাজার ৮৮৯ জন। ২৪ অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও চিকিৎসাধীন ২৯০ জন।