গোয়া: গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ‘উজ্জ্বলা যোজনা ২০২৬’-এর অধীনে গ্রাহকরা পাবেন বার্ষিক ৩,০০০ টাকা আর্থিক সাহায্য। এই টাকা তিনটি এলপিজি সিলিন্ডারের খরচ মেটানোর জন্য দেবে সরকার।  

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) তাঁর রাজ্যের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। যেখানে তিনি বলেছেন যে, রাজ্যের যোগ্য গ্রাহকরা তিনটি এলপিজি সিলিন্ডারের খরচ মেটানোর জন্য বার্ষিক ৩,০০০ টাকা পাবেন। ‘গোয়া উজ্জ্বলা যোজনা ২০২৬’ এই প্রকল্পের অধীনে রাজ্যের যোগ্য পরিবারগুলি তিনটি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার বা পিএনজি-র খরচের সমপরিমাণ, অর্থাৎ বার্ষিক ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন। ২০২২-এর বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর দেওয়া একটি প্রতিশ্রুতির অংশ ছিল এই প্রকল্পটি। সরকার জনগণকে আশ্বাস দিয়েছিল যে, প্রতি বছর তিনটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করা হবে।

টাকাটা কখন অ্যাকাউন্টে পাঠানো হবে?
আগামী ৯ই সেপ্টেম্বর থেকে সুবিধাভোগীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ৩,০০০ টাকা পাবেন। এই সরকারি প্রকল্পের লক্ষ্য হল, বছরে তিনটি এলপিজি সিলিন্ডারের খরচ বহন করা। আলাদা সিলিন্ডার দেওয়ার পরিবর্তে, সরকার এই অর্থ সরাসরি যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে, যেসব বাসিন্দা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন, কেবল তারাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাবেন।

কীভাবে আবেদন করবেন?

এর সুবিধা পেতে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। কোথায় যাবেন, কীভাবে আবেদন করবেন ? জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া –

১। প্রথমে, আপনার এলাকার নিকটতম গ্রাম পঞ্চায়েত কার্যালয়, পৌরসভা কার্যালয় বা স্থানীয় বিধায়কের কার্যালয়ে যেতে হবে। বিনামূল্যে এই প্রকল্পের জন্য সরকারি আবেদনপত্রটি সংগ্রহ করুন।
২। এখন ফর্মে থাক সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন আবেদনকারীর নাম, আধার নম্বর, গ্যাস গ্রাহক নম্বর, গ্যাস এজেন্সির নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
৩। এখন আপনার সঙ্গে গ্যাস/পিএনজি সংযোগের প্রমাণপত্র, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং ভোটার আইডি (ইপিআইসি কার্ড)-এর ফটোকপি প্রস্তুত রাখুন।
৪। পূরণ করা ফর্মটির সঙ্গে সকল প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি সংযুক্ত করুন। তারপর সেটি সেই পঞ্চায়েত বা পৌরসভা অফিসের কাউন্টারে জমা দিন। জমা দেওয়ার পর একটি রিসিভ কপি সংগ্রহ করতে ভুলবেন না।

কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল, এতে কোনও আয়ের সীমা নেই। এর মানে হল, সব শ্রেণীর পরিবারই আবেদন করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা শুধু এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীদের জন্যই নয়, বরং ঘরোয়া পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস (পিএনজি) সংযোগ ব্যবহারকারী পরিবারগুলোর জন্যও প্রযোজ্য। উল্লেখ্য যে, কোনো পরিবারের একাধিক গ্যাস সংযোগ থাকলেও, প্রকল্পের সুবিধা পরিবার প্রতি শুধুমাত্র একটি গ্যাস সংযোগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সরকার সরকারি কর্মচারীদেরও এই প্রকল্প থেকে বাদ দেয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *