কলকাতা: জোড়াফুল প্রতীক নিয়ে টানাপোড়েন চরমে। সেই আবহেই ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মমতা-তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, প্রতীকযুদ্ধে ঋতব্রত-তৃণমূলের তরফে যে হলফনামা প্রকাশ করা হয়েছে, তা ভুয়ো, পুলিশ দিয়ে জোর করে সই করানো হয়েছে। থানায় বসে কাগজপত্র সই করার ভিডিও প্রকাশ করেছেন তিনি। যদিও বিজেপি-র দেবজিৎ সরকারের দাবি, ভিডিও দেখিয়ে কিছু লাভ হবে না। আদালতে গিয়ে লড়াই করুন অভিষেক। (Abhishek Banerjee)

ডিলিমিটেশন বিল নিয়ে দিল্লিতে I.N.D.I.A শিবিরের বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক। আর সেখান থেকেই ভিডিও প্রকাশ করলেন। এদিন বেশ কয়েকটি ভিডিও সকলের সামনে তুলে ধরেন অভিষেক। প্রতীকযুদ্ধে ইতিমধ্যেই মমতা-তৃণমূল এবং ঋতব্রত-তৃণমূল আলাদা আলদা হলফনামা পেশ করেছে নির্বাচন কমিশনে। নিজেদের সমর্থনে থাকা বিধায়ক, সাংসদ, দলের কর্মী-সমর্থকদের সই করা নথি জমা দিয়েছে দুই শিবিরই। কিন্তু অভিষেকের দাবি, ঋতব্রত-তৃণমূলের তরফে যে ১০ লক্ষ হলফনামা জমা দেওয়ার কথা হয়েছে, তাতে ভূরি ভূরি জাল হলফনামা রয়েছে। নোটারিও ভুয়ো। থানায় বসে পুলিশ ভুয়ো হলফনামা তৈরি করেছে বলে অভিযোগ তাঁর। নোটারিও ভুয়ো ছিল দাবি করেছেন।  (TMC News)

শনিবার বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন অভিষেক। সেখানেই গোপন ভিডিও প্রকাশ করেন তিনি, যাতে দেখা যায়, পুলিশের তরফে কিছু কাগজে সই করানো হচ্ছে।  অভিষেক বলেন, “দলের কর্মী নয়, পুলিশ করছে। কেউ সিভিক ভলান্টিয়ার, কেউ সাব ইনস্পেক্টর, কেউ এএসআই। পুলিশের লোক বসে জাল হলফনামা লিখে জমা দিয়েছে নির্বাচন কমিশনে। আমি কিছু বললে দশটা প্রশ্ন উঠতে পারে। কিন্তু ভিডিও মিথ্যে বলবে না। যারা এই কাজ করেছে, আগামী দিনে সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কোনও সরকারি অফিসার বা পুলিশের যদি মনে হয়, বেআইনি কাজ করে পার পেয়ে যাবেন, কেউ কিছু জানতে পারবে না, আজকের দিনে কিছু চাপা থাকে না।”

এদিন যে ভিডিও তুলে ধরেন অভিষেক, সেটি পূর্ব বর্ধমানের কালনা থানার দৃশ্য বলে জানানো হয়। যে কথোপকথন ধরা পড়ে, তাতে একজন বলেন, ‘তিনটে ছেলে কাজ করছে। আমি, বিজন আর শুভ। এখানে সাতটা করে ছেলে থাকার কথা। কাল সৌমিকদাকে ফোন করলাম যে সাতটা ছেলে মিলে কাজ করে উঠতে পারছে না। আরও চারটে ছেলে লাগবে‘।

আর একজনকে সরাসরি দেখা যায় ভিডিওতে। ফোনে কারও সঙ্গে কথা হলছিলেন তিনি। কিছুটা দূরে মেঝেতে বসে কাগজে লেখালেখি করতে দেখা যায় কয়েকজনকে। সেখানেকথোপথন ছিল খানিকটা এমন—

একজন বলেন, ‘আরে যে কোনও অঞ্চলের এফিডেভিট নে আর কাজ শুরু কর’।

আর একজন বলেন, ‘তাহলে যে কোনও দিলেই হল তো’?

ভুয়ো হলফনামা…নোটারির সইও ভুয়ো। যাঁর নামে সই করা হচ্ছে, যাঁর নাম দিয়ে হলফনামা জমা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে, তিনি জানেনও না। এটাই হচ্ছে বাংলার সরকার, তথাকথিত বিরোধী দল ডেমোক্র্যাটিক তৃণমূল-কংগ্রেস, যার নেতৃত্বে অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এটাই ওদের আসল চেহারা। ওরা বলত, ওরাই নাকি আসল বিরোধী। দেখেছেন কখনও, বিরোধীদের হয়ে ভুয়ে এফিডেফিট পূরণ করছে পুলিশ! দেশের কোথাও, স্বাধীনতার পর থেকে এমনটা দেখা গিয়েছে? এতে জালিয়াতির মামলা হওয়া উচিত। দেশে যদি বিচার বলে কিছু থাকে। আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে! বিচার ব্যবস্থা এবং আইনই টেকেন ফর গ্রান্টেড।”

অভিষেক জানিয়েছেন, পুলিশের লোকই তাঁদের চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন। তদন্ত হলেই সব পরিষ্কার হয়ে যাবে। হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, যতদূর যাওয়া যায় যাবেন তাঁরা। এদিন অভিষেক বলেন, ” বাংলা একমাত্র রাজ্য এবং তথআকথিত বিরোধী দলের অবস্থান এক। সরকারের কোনও কাজ নিয়ে প্রশ্ন তোলার লোক নেই। যাঁরা লড়াই করছেন, পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে, ভুয়ো মামলা করা হচ্ছে, বাড়ি ঘেরাও হচ্ছে। কাল আমাদের সাংসদ প্রতিমা মণ্ডলের সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বলা হয়েছে, দিল্লি গেলে আরও ১০ জনকে গ্রেফতার করা হবে। এভাবে ডিলিমিটেশন মিল পাস করবেন? এপ্রিলে বিল পাস হয়নি। গত তিন-চার মাসে এমন কী হল যে আবার বিল আনতে হল? আপনারা তৃণমূলের ২০ সাংসদ ভাঙিয়েছেন। অথচ সংসদের নথিতে এখনও তৃণমূলের সাংসদ বলা হচ্ছে। গত অধিবেশনে বক্তৃতা তরার সময়ও নামের নীচে তৃণমূল লেখা ছিল। সংসদের রেকর্ড এবং বুলেটিনে এখনও তৃণমূল বলে উল্লেখ করা হচ্ছে। NCPI বলা হচ্ছে না কেন? যেভাবে ৪০-৫০ বিধায়ক ভাঙানো হয়েছে…আমাদের পিছনে তো পুলিশ পড়েই রয়েছে। আমার বিরুদ্ধে ৪০-৫০ এফআইআর, আমার বাড়িতে হামলা, আমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কার শ্লীলতাহানি? নির্যাতিতা কি উপস্থিত ছিলেন সেখানে? ছিলেনই না। এমন কিছু হলে তো আগে সংবাদমাধ্যমের চোখে ধরা পড়ত! শত শত ক্যামেরা ছিল। সিসিটিভি ছিল। আমার ক্যামেরাও নয়। পুরসভা এবং পুলিশের ক্যামেরা। শ্লীলতাহানি হলে ফুটেজ কেন প্রকাশ করা হচ্ছে না?”

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের একটি মন্তব্যকেও এদিন হাতিয়ার করেন অভিষেক। বলেন, “স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ডোমেক্র্যাটিক-তৃণমূলের মাথায় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে, যাঁকে নারদকাণ্ডে টাকা নিতে দেখেছি আমরা। যারা এই কাজ করছে, তারা বলছে, নোটারির সইও জাল। কল্পনা করুন। নোটারিও ভুয়ো। অন্য কেউ সই করছে. তাতে স্ট্যাম্প পড়ছে। ভোটার তালিকা দেখে তার নাম, বাবার নাম, ঠিকানা বসিয়ে দিচ্ছে পুলিশ অফিসার। বলা হচ্ছে, বড়বাবু বলেছেন এমন লোকের নামে সই করবে, যাঁরা বলতে পারবেন যে হ্যাঁ তাঁরাই সই করেছেন।”

আরও পড়ুন: প্ল্যাটফর্মের শৌচাগারে বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার ২৭ বছরের যুবক



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *