বিজেপির বিরুদ্ধে রবিবার রামলীলা ময়দানে উঠে এসেছে বিরোধী INDIA ব্লকের ঐক্যবদ্ধ ছবি! চিরপ্রতিদ্বন্দ্বী সিপিএমের সাধারণ সম্পাদকের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দেখা গিয়েছে তাঁদের পারস্পরিক সৌজন্যচিত্রও। ভোটচুরি রুখতে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন। এখন প্রশ্ন, হয়েছে, দিল্লির মতো বিরোধী ঐক্যের ছবি কি দেখা যাবে পশ্চিমবঙ্গেও? বৃহত্তর ক্ষেত্রে একজোট হওয়ার কথা শোনা গেছে সিপিএম-মমতা তৃণমূল দু’পক্ষের মুখেই। তাহলে কি পুরভোটেই একসঙ্গে পড়বে মমতা অনুগামী তৃণমূল ও সিপিএম ?
সিপিএম-তৃণমূল জোট হবে? এই প্রশ্নের উত্তরে কার্যত বিপরীত অবস্থানে এ রাজ্যের সিপিএম নেতারা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, ‘তৃণমূলের চুরির দুর্গন্ধ কেন মাখবে লাল ঝান্ডা?’ সুজনের প্রশ্ন, তৃণমূলের বিরুদ্ধে চাকরি চুরি, ভোট চুরি, তোলাবাজি ও নানারকম দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগ রয়েছে। সেখানে তৃণমূলের সঙ্গে জোট করে সিপিএম কলুষিত হবে কেন ? এভাবেই তৃণমূলের হাত ধরার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন সুজন চক্রবর্তী।
সুজনের সুরেই কথা বললেন, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি স্পষ্টই সতর্কবার্তার সুরে বলেন , ‘দেখতে হবে চোরেরা যেন ওপার থেকে এপারে না আসে । যারা ভোট চুরি করেছে, আগে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে’ । তৃণমূলের সঙ্গে জোট জল্পনায় এমনই প্রতিক্রিয়া দিয়েছেন সেলিম।
কংগ্রেসের পাশাপাশি, জ্ঞানেশ কুমার-ইস্যুতে সম্প্রতি জাতীয়স্তরে কাছাকাছি এসেছে চির-প্রতিদ্বন্দ্বী সিপিএম এবং তৃণমূল। একসঙ্গে মিটিং, মিছিলের পাশাপাশি, ফোনেও কথা হয়েছে সিপিএম-এর সাধারণ সম্পাদক এম.এ বেবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে সিপিএমকে হারিয়ে ২০১১-তে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল তৃণমূল, মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেই তৃণমূলের সঙ্গে কি আসন রফা হতে পারে সিপিএমের? উত্তর দেবে সময়।
আপাতত পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন ওয়ার্ড বিন্যাস-মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি নয়, নির্দেশ দিয়েছে আদালত। আইনি জটিনতা কাটলেই কলকাতা-সহ সাতটি পুরসভার ভোট হবে । সেই পুরভোটে কি মমতা তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে আসন রফার সম্ভাবনা হতে পারে? এনিয়ে নতুন জল্পনা উস্কে দিয়েছে বর্তমান রাজনৈতিক সমীকরণের বদল।
আরও পড়ুন : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?