নয়া দিল্লি: যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আর্জি রাজ্য সরকার ও যোগ্য শিক্ষকদের। দু’পক্ষের আর্জি শুনতে রাজি সর্বোচ্চ আদালত। ৩১ অগাস্ট পর্যন্ত কাজ করতে পারবেন ১৭ হাজার যোগ্য শিক্ষক, আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ৩১ অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য ও যোগ্য শিক্ষকরা।
মঙ্গলবার যোগ্য শিক্ষকদের তরফে দ্রুত শুনানি অনুরোধ করা হয়ে, ৩১ আগস্ট থেকে মেয়াদ বাড়ানো জন্যে। রাজ্য সরকারও বলে তাদের অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, শিক্ষকদের মেয়াদ বাড়ানো হোক, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত। সুপ্রিম কোর্ট শুনতে রাজি হয়েছে, ৩১ অগাস্ট এর আগে হবে শুনানি এমনটাই জানান হয়।
এখনও পর্যন্ত কিছুতেই কাটছে না ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলকাণ্ডের জট। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে শেষ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকর করতে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। ফলে, সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাওয়া হবে বলে এর আগে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন।
তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে বাতিল হয় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ৩১ অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন যোগ্য শিক্ষকরা সবেতন চাকরি করতে পারবেন। এর মধ্যে বিগত সরকারের আমলেই ২০২৫ সালে ফের SLST-র পরীক্ষা হয়। ইতিমধ্যে একাদশ-দ্বাদশে নিয়োগের সুপারিশপত্রও দেওয়া শুরু হয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়ার নির্দেশ দিয়েও তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।
তৃণমূল সরকারের আমলে OBC-দের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু ছিল। বিজেপি সরকারের আমলে তা হয়েছে ৭ শতাংশ। নতুন সংরক্ষণ বিধিতে কীভাবে নিয়োগ হবে? বা তৃণমূল জমানায় সংরক্ষণ বিধি মেনে যাঁরা সুপারিশপত্র পেয়েছেন, তাঁদেরই বা কী হবে? এই নিয়েই আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে SSC।