কলকাতা: তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রীর।
তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। তিনি বলেছেন, “তোলাবাজির অভিযোগ জানি, আমি অস্বীকার করব না। তোলাবাজি যতদিন রাজ্যে থাকবে, ততদিন মানুষের আস্থা আসবে না।” তোলাবাজি যেন রাজ্যে মানুষের অভ্যাস হয়ে গেছে, আক্ষেপ স্বপন দাশগুপ্তর।
তোলাবাজি ইস্যুতে ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। এবার, তোলাবাজির অভিযোগ তুলে, দলেরই একাংশকে তীব্র আক্রমণ করলেন হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। যদিও, বিজেপি নেতার মন্তব্যকে গুরুত্ব নিতে নারাজ তাঁরই দলের একাংশ।
বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ বলেছেন, “এটা আমাদের বিজেপি চলছে নাকি উন্নত তৃণমূল চলছে? তোলাবাজির কোনও শেষ সীমানা নেই।” হাওড়া গ্রামীণ ইউনিটের বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত অবশ্য পাল্টা বলেছেন, “ভারতীয় জনতা পার্টির কোনও দায়িত্বে উনি (স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ) নেই।”
ফের বিজেপির ভিতর থেকেই উঠল তোলাবাজির অভিযোগ! এবার, তোলাবাজির অভিযোগ তুলে, দলেরই একাংশকে তীব্র আক্রমণ করলেন হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। তিনি বলেছেন, “মাত্র ৬ মাস সরকারে এসেছে, ৮ মাস। চূড়ান্ত তোলাবাজি। শুধরে যান, মানুষ সব লক্ষ্য করছে। মানুষ অনেক অত্যাচারিত হয়ে, তবে আমাদেরকে নিয়ে এসেছে। সেই সুযোগের অসৎ ব্যবহার করাটা মহা অন্যায়, মহা অপরাধ।”
২৬ এর বিধানসভা নির্বাচনে, উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের পুলক রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হন স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। এলাকায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা RSS ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। বৃহস্পতিবার, উলুবেড়িয়ার কৈজুরিতে একটি অনুষ্ঠানে তোলাবাজির অভিযোগে বিজেপির একাংশকে আক্রমণ করলেন তিনি।
স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ বলেছেন, “জেলা কার্যালয়ের প্রধানভাবে যারা বিশেষভাবে পরিচালনার কাজে আছে, তাদের একটা বিশেষ অংশ ঘুরপথে হাঁটছে। এক বছর আগে এদের ইনকাম ট্যাক্সের…যদি একটু দেখা যেত আর ভোটের পরে এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা যদি একটু দেখতেন, তাহলে বোধ হয় অনেকটা পরিষ্কার হয়ে যেত।”
যদিও, বিজেপি নেতার মন্তব্যকে গুরুত্ব নিতে নারাজ তাঁরই দলের একাংশ। দলীয় নেতৃত্বের কড়া বার্তার পরও, বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।