অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বিশ্ব গন্ডার দিবস পালন করার জন্য জলদাপাড়ায় যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি ২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার সম্ভাবনার কথাও জানালেন রাজ্যের বনমন্ত্রী।
আজ, রবিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বনমন্ত্রী মনোজ ওঁরাও-এর এই বৈঠকে প্রতিমন্ত্রী বিশাল লামা, জেলাশাসক, পুলিশ সুপার, বন দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ মনোজ টিজ্ঞা, মাদারিহাটের বিধায়ক লক্ষন লিম্বু । সেখানে বিশ্ব গন্ডার দিবস ও ২ অক্টোবরের পরিকল্পনা নির্ধারন হয় বলে জানা যায়।
আগামী ২২ সেপ্টেম্বর রাজ্য বন দফতরের উদ্যোগে বিশ্ব গন্ডার দিবস পালন হবে একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল জলদাপাড়ায়। সেই অনুষ্ঠানে বন্যপ্রাণী চোরাচালান বন্ধের কড়া বার্তা দিতেই অভিনব একটি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বনমন্ত্রী মনোজ ওঁরাও। সেদিন, বন্যপ্রানী চোরাচালানকারীদের কাছ থেকে বাজেয়াপ্ত কিংবা প্রাকৃতিক উপায়ে উদ্ধারকৃত বন্যপ্রানীদের দেহাংশকে একত্রে দাহ করা হবে সর্বসম্মুখে। থাকবেন সাধারন মানুষ থেকে স্কুল পড়ুয়ারা। উদ্দেশ্য একটাই, আদতে এইসব দেহাংশর যে কোনও মূল্যই নেই সেই বার্তা তুলে ধরা।
উল্লেখ্য, হাতির দাঁত, বাঘের চামড়া, হরিণের শিং ইত্যাদি বিভিন্ন দেহাংশের লোভে চোরাচালানকারীদের দৌরাত্ব্য দীর্ঘদিন ধরে বেড়েই চলেছে। আসলে সেগুলো রাজকীয় শৌখিনতা ছাড়া কোনও কাজেই ব্যবহার হয় না। আর সেই চোরাচালানের কাজে ব্যবহার করা হয় স্থানীয় সাধারন মানুষকে। সেগুলো যে আদতে কোনও মূল্যবান কিছু নয়, আর পাঁচটা সাধারন সামগ্রীর মতোই ঘর সাজানোর বস্তু, সেই বার্তা দিতে চাইছে রাজ্য সরকার। যে কারণে মানুষ প্রাণী হত্যার মতো অপরাধ শুধু করছে তা নয়, সাধারন মানুষকে ব্যবহার করে তাকেও সামান্য অর্থের প্রলোভনে অপরাধের অংশীদার করে তুলছে। সর্বসম্মুখে দেহাংশ দাহ করার উদ্যোগ সেই কারণেই।
অপরদিকে, আগামী ২ অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজ্য বন দফতরের উদ্যোগে বাঘ ছাড়ার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ভিন রাজ্য থেকে বক্সার ২৩ মাইলের জঙ্গলে ফেনসিং-এর ভেতর ছাড়া হবে সেই বাঘ। আপাতত একটি স্ত্রী বাঘ এনে ফেনসিং-এর ভেতরে রেখে এখানকার আবহাওয়া, পরিবেশ পরিস্থিতে সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দেওয়া হবে। বাঘ ছাড়ার সেই আনুষ্ঠানিক পর্বেও মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানালেন বনমন্ত্রী মনোজ ওরাও।