কলকাতা: মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে “গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও” মহামিছিল কর্মসূচিতে যোগ দেন তিনি। বাঘাযতীন ময়দান থেকে এয়ারভিউ মোড়, দার্জিলিং পর্যন্ত হয় মিছিলটি। আর তারপর এই কর্মসূচির সভা থেকে বিরোধীদের একযোগে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2G নেতা বলে আক্রমণ করেন তিনি। এর পাশাপাশি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি।
ভোট চুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা একজোট হয়েছে। দিল্লিতে চলছে আন্দোলন। আর এই ইস্যুকে সামনে রেখে এবার পথে নেমেছে বিজেপি। ইন্ডি জোটের কর্মসূচির পাল্টা জবাবে ‘গণতন্ত্র বাঁচাও-অরাজকতা হটাও’ অভিযান বিজেপির৷ জেলায় জেলায় চলছে এই কর্মসূচি। আর এই কর্মসূচিতে গিয়ে উত্তরবঙ্গের সভা থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ঠিক কী কী কাজ করেছেন, কতটা প্রভাব তাঁর, সবটা তুলে ধরলেন তিনি।
আরও পড়ুন – ‘সুজন-সূর্য বলে আমরা নাস্তিক…’, CPM-কে ‘মাকু’ সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন, ” যাঁরা হেরেছে, তাঁরা একসঙ্গে এক হয়ে দিল্লি গিয়েছে। সব হেরোরা দিল্লিতে গিয়ে এক জায়গায় হয়েছে। এখানে নাম, নিশান মুছে গিয়েছে, তাই মমতা-অভিষেক দিল্লিতে গিয়েছে। দিল্লিতে গিয়ে অস্থিরতা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা ভারতে টুকরো টুকরো করতে চায়, বাংলাদেশের মত অস্থিরতা, অরাজকতা চায় হেরোরা। আরশোলাদের কীভাবে ঠান্ডা করতে হয় আমরা সেটা জানি। এরা দিমাগি নকশাল, জঙ্গি, মাওবাদী।”
পাশাপাশি, বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে ও ক্ষমতায় আসতে গেলে আবার ভোটে লড়াই করার আওহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”পুনরায় ক্ষমতায় আসতে গেলে ভোটে লড়তে হয়। মোদি যতদিন আছে, এরা ভোটে কোনওদিন জিততে পারবে না। মোদিতেই আস্থা মানুষের, মোদি ছাড়া কাউকে চায় না দেশবাসী। মোদিজির নেতৃত্বে দেশে অর্থনৈতিক উন্নতি ঘটেছে। বিশ্বের ১ নম্বর জনপ্রিয় নেতা এখন নরেন্দ্র মোদি। এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই। মমতা-অভিষেক হচ্ছে 2G নেতা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক ভারতীয় পড়ুয়া আটকে ছিল, তাঁদের ফিরিয়ে এনেছেন মোদিজি। মোদিজির ফোন তুলেছিলেন পুতিন-জেলেনেস্কি, যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। মোদিজি না থাকলে অযোধ্যায় রামমন্দির হত না।”