কোচবিহার: ‘উন্নয়ন হবে, হিসেবও হবে’। কোচবিহারে গিয়ে ২০২৫-এর অগাস্ট মাসে খাগড়াবাড়ি কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
‘উন্নয়ন হবে, হিসেবও হবে’, কোচবিহারে গিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। খাগড়াবাড়ি হামলার প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ৫ অগাস্ট, ২০২৫। খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা করা হয়েছিল। অভিযোগ, পেট্রোল ঢেলে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। যা নিয়ে বুধবার শুভেন্দু বলেন, ‘অনেক সহ্য করেছি, গাড়িতে পেট্রোল ঢালা হয়েছিল। ছবিগুলো আমার গোছানো আছে। উন্নয়ন হবে, হিসেবও হবে।’
কোচবিহারে গিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাস উৎসব উপলক্ষে কোচবিহারে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে রাজবংশীদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে জায়গা দেওয়া নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকের পর কোচবিহার রাজবাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে শোভাযাত্রায় অংশ নেন তিনি। এরপর মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর এমজেএম স্টেডিয়ামে রাসমেলার উদ্বোধন করবেন তিনি।
কোচবিহারে দাঁড়িয়ে উত্তরের এই জেলা নিয়ে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এটা আমার সরকার নয়, আমাদের সরকার। পর্যটনের অন্যতম ডেস্টিনেশন হবে কোচবিহার। হারানো ঐতিহ্যকে ফেরাবে বিজেপি সরকার। আধুনিক বিমানবন্দর ও স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হবে কোচবিহারে। উড়ান প্রকল্পে কোচবিহার বিমানবন্দরের কাজ সম্পূর্ণ হবে।’
শুভেন্দুর কথায়, ‘বিধায়কদের বলব, যোগ্য মহিলারা যেন অন্নপূর্ণা যোজনার টাকা পান। কোচবিহার থেকে মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। যে সব হিন্দু প্রাণ বাঁচাতে কোচবিহার দিয়ে দেশে ঢুকেছেন, তাঁরা শরণার্থী। দিদি-বোনদের ওপর আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়া হয়েছে।’ এরপরই শুভেন্দু বলেন, ‘খাগড়াবাড়িতে আমার গাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয়েছিল। উন্নয়নও হবে, হিসাবও হবে’, কোচবিহারে হুঙ্কার মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?
সোমবার ছিল মন্ত্রিসভার বৈঠক
সোমবার নবান্নে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম, পশ্চিমবঙ্গের ইংরেজি নামে বদল। শুভেন্দু বলেন, ‘পশ্চিমবঙ্গ নাম ইংরেজিতে পশ্চিমবঙ্গ হিসেবেই লেখা হবে। এতদিন যে ওয়েস্ট বেঙ্গল লেখা হতো, সেটা আর লেখা হবে না। ইংরেজি হরফেও পশ্চিমবঙ্গই লেখা হবে।’
আরও পড়ুন: কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের