পটনা: কৃষক পরিবারের মেয়ে স্মৃতি ভরদ্বাজের সাফল্যে গর্বিত বিহারের সমস্তিপুর। ২০২৪ সালের বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) পরীক্ষায় ১৬০তম স্থান অধিকার করে SDM পদে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে ২০২৩ সালের BPSC পরীক্ষাতেও সফল হয়েছিলেন স্মৃতি। পরপর ২ বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের লক্ষ্যপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
আরও পড়ুন: একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
সমস্তিপুরের বাসিন্দা স্মৃতির বাবা পেশায় কৃষক এবং মা একজন শিক্ষিকা। সাধারণ পরিবারে বড় হলেও ছোট থেকেই পড়াশোনার পরিবেশ পেয়েছেন তিনি। তবে প্রশাসনিক আধিকারিক হওয়ার স্বপ্ন পূরণে নিজের পরিশ্রম ও অধ্যবসায়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন স্মৃতি।
২০২২ সালে ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন স্মৃতি। তারপরই BPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। প্রথমবার ২০২৩ সালের BPSC পরীক্ষায় সফল হওয়ার পরও থেমে থাকেননি স্মৃতি। পরবর্তী পরীক্ষায় আরও ভালো ফল করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চালিয়ে যান।
স্মৃতির প্রস্তুতির বিশেষ দিক হল, কোনও নামী বা বড় কোচিং প্রতিষ্ঠানে ভর্তি হননি তিনি। একটি সাক্ষাৎকারে স্মৃতি জানিয়েছেন, মাত্র ১০ থেকে ১৫ দিনের একটি ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন তিনি। আর তারপর বাকি প্রস্তুতির ক্ষেত্রে নিজের অধ্যবসায় এবং নিয়মিত পড়াশোনার উপরেই ভরসা রেখেছিলেন তিনি।
আরও পড়ুন: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
২০২৪ সালের BPSC পরীক্ষায় ১৬০তম স্থান অর্জন করে এবার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা SDM পদে নির্বাচিত হয়েছেন তিনি। নিজের সাফল্যের কথা সোশ্যাল মিডিয়াতেও ভাগ করে নিয়েছেন স্মৃতি। তাঁর এই অভিজ্ঞতার কথা নিঃসন্দেহে বিভিন্ন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করতে চাইছেন এমন তরুণ বা তরুণীদের অনুপ্রাণিত করবে।