মুম্বই: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস পাঠালেন শাহরুখ খান। সাধগুরুর সঙ্গে মঞ্চে থাকাকালীন অনন্ত আম্বানি এবং তাঁর মধ্যেকার কথোপকথন নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। বলিউডের ‘বাদশা’ শাহরুখ সেখানে তাঁর প্রাপ্য সম্মান পাননি, বরং তাঁকে হেয় করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই নিয়েই এবার ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস পাঠালেন শাহরুখ। অনন্ত এবং তাঁর কথোপকথন নিয়ে ওই ইনফ্লুয়েন্সার যে রিল বানিয়েছেন, তা বিভ্রান্তিকর এবং অবমাননাকর বলে দাবি করা হয়েছে ওই নোটিসে। (Shah Rukh Khan Defamation Suit)
সাধগুরু, অনন্ত এবং শাহরুখের কথোপকথনের যে ভিডিও ভাইরাল হয়, তা নিয়ে ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন ইনফ্লুয়েন্সার সুবিজ্ঞ শর্মা। ওই রিলে দাবি করা হয়, আসলে শাহরুখকে ‘মুখ বন্ধ রাখতে’ বলেন অনন্ত। শাহরুখের লিগাল টিমের দাবি, ওই দাবি সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিকর। ভিডিওটি অবিলম্বে না সরানো হলে সুবিজ্ঞের বিরুদ্ধে মানহানির মামলা করা হতে পারে বলে জানানো হয়েছে। (SRK Legal Notice to Influencer)
গত ২৩ নভেম্বর সুবিজ্ঞকে আইনি নোটিস ধরায় শাহরুখের লিগাল টিম। ওই রিলটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’, ‘বিভ্রান্তিকর’ এবং ‘অবমাননাকর’ বলে উল্লেখ করেছে তারা। নোটিসে বলা হয়েছে, ভিডিও-র সঙ্গে ক্যাপশনটি এমন ভাবে লেখা হয়, যাতে প্রেক্ষাপট বিকৃত হয়, অভিনেতার ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ হয়। সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে দাবি করা হয়েছে। কোনও রকম প্রমাণ ছাড়া যেভাবে ওই কনটেন্ট ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতে অভিনেতার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।
আরও পড়ুন: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
শাহরুখের লিগাল টিমের ওই নোটিসে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারায় মানহানির উল্লেখ রয়েছে। পাঁচটি দাবি তোলা হয়েছে। বলা হয়েছে, ১) ৪৮ ঘণ্টার মধ্যে ভিডিওটি সরিয়ে নিতে হবে সুবিজ্ঞকে, ২) পুনরায় সেটি শেয়ার করা বা ছড়ানো যাবে না, ৩) ভিডিও-র সঙ্গে সম্পর্কিত দাবি এবং ক্যাপশন বদলাতে হবে বা ডিলিট করতে হবে, ৪) আসল ভিডিও, সোর্স মেটেরিয়াল, পাবলিকেশন রেকর্ড এবং সেই সংক্রান্ত কথোপথনের রেকর্ড মজুত রাখতে হবে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, ৫) নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই যে পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে লিখিত দিতে হবে।
শাহরুখের কাছ থেকে লিগাল নোটিস পেয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে সরব হয়েছেন সুবিজ্ঞ। ভিডিওটি নিয়ে কেন আপত্তি করছেন শাহরুখ, প্রশ্ন তোলেন তিনি। জানান, তিনি যে ভিডিও পোস্ট করেছেন, যে দাবি করেছেন, তা মতপ্রকাশের স্বাধীনতার অধীনে সুরক্ষিত। ভিডিওবার্তা পোস্ট করে সুবিজ্ঞ বলেন, “শাহরুখ খানকে চুপ করতে বলেছিলেন যে ব্যক্তি, তিনি কি অপমান করেননি? নাকি শাহরুখ খানের সাহস নেই অপমানিত হওয়ার কথা স্বীকার করে নেওয়ার? বলা হচ্ছে আমরা নাকি অপমান করেছি ওঁকে! ” শাহরুখ বা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্য়ে এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। যে ভিডিওটিকে ঘিরে বিতর্ক, সেটি ২১ নভেম্বর মুম্বইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্সে’র মঞ্চ থেকে ছড়িয়ে পড়ে।