কলকাতা: ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় CPM। দুর্গাপুজো না লিখলে বামেদের বইয়ের স্টলের অনুমতি মিলবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার লাল পার্টির স্টলে কী ধরনের বই থাকে তা নিয়েও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন,’সিপিএমের বইয়ের স্টলে মার্কস, লেনিনের বই পাওয়া যায়, বিবেকানন্দের বই পাওয়া যায় না’। এবার এই মন্তব্য নিয়ে সরব হয়েছে সিপিএম। ফেসবুকে পোস্ট করে পাল্টা জবাব দিলেন শতরূপ ঘোষ।
দুর্গাপুজোর মণ্ডপের পাশে সিপিএম-এর বইয়ের স্টল বসাতে গেলে ‘দুর্গাপুজো’ শব্দটিই লিখতেই হবে। ‘শারদোৎসব’ লিখলে স্টল বসানোর অনুমতি মিলবে না। বৃহস্পতিবার বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাম দলগুলির জন্য এমনই শর্ত বেঁধে দেওয়ার নিদান দেন। এবার শনিবার কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে ফের বামেদের বুক স্টল নিয়ে মুখ খুললেন। এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব সিপিএম নেতা শতরূপ ঘোষের। একটি ফেসবুকে পোস্ট করে সিপিএম নেতা লেখেন, ”একটু আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলেছেন, সিপিএমের বইয়ের স্টলে মার্ক্স, লেনিনের বই পাওয়া যায়, বিবেকানন্দর বই পাওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রীকে দুটো তথ্য দিতে চাই। এক, সিপিআই(এম)-এর স্টলে বিবেকানন্দর লেখা এবং বিবেকানন্দকে নিয়ে লেখা, এই দুই ধরনেরই একাধিক বই পাওয়া যায়। দুই, আজ থেকে প্রায় ১২০বছর আগে বাঙালিকে প্রথম মার্ক্স, লেনিনের বই পড়তে শিখিয়েছিলেন যিনি, তিনি হলেন স্বামী বিবেকানন্দের নিজের ভাই, কম্যুনিস্ট বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত।”
সিপিএম নেতা শতরূপ ঘোষ তাঁর আর একটি পোস্টে লেখেন, ”স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের আত্মজীবনীমূলক বই ‘আমার সন্ন্যাস-জীবন ও বেলুড়র মঠ’। ছাপানো হয়েছিল গনশক্তি প্রিন্টার্সে। ২০১২ সালে প্রথম প্রকাশ। শুভেন্দু অধিকারী সেইসময় তৃণমূল করতেন এবং বাঙলা জুড়ে ইমাম ভাতার উপকারিতা প্রচার করে বেড়াতেন।”
উল্লেখ্য, শারদোৎসব লেখা প্রসঙ্গে সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম আবার মনে করিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের প্রসঙ্গ। ‘শারদোৎসব শব্দটাতে আপত্তি কেন ওদের? এটা কি কমিউনিস্ট শব্দ? গোটা বিশ্বে, বিশেষ করে এশিয়াতে বিভিন্ন মরসুমে উৎসব হয়। আমরা বর্ষাবরণ করি না? আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না? পৌষের পিঠেপুলি উৎসব হয় না? আমরা শারদোৎসব করি না? রবীন্দ্রনাথ নাটক লিখেছিলেন শারদোৎসব। তার সঙ্গে অন্য় কোনও সম্পর্ক ছিল না। এসব জানে না বলে এসব কথা বলছে। শিখবে, একটু বয়স হবে আস্তে আস্তে শিখবে।’