কলকাতা: এই ছবির নাম থেকে শুরু করে দৃশ্যায়ন, বিষয়বস্তু থেকে শুরু করে সিনেমার গান… সমস্ত কিছু নিয়ে বারে বারেই বিতর্কের ঝড় উঠেছে। অবশেষে প্রকাশ্যে এল, সলমন খানের (Salman Khan) নতুন সিনেমা, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ (Maatrubhumi: May War Rest in Peace)-এর মুক্তির তারিখ। ২০২৬ সালের এপ্রিল মাসে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। সেই সময়ে অবশ্য এই ছবিটির নাম ছিল অন্য। ‘ব্যাটল অফ গলওয়ান’ নামে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটি। তবে পরবর্তীতে এই সিনেমার নাম বদলে দেওয়া হয়। শোনা গিয়েছিল, এই সিনেমার মুক্তির জন্য সরকারি ছাড়পত্র পেতে নাকি কিছু সমস্যা হয়েছিল। বলা হয়েছিল, চিনের আপত্তিতেই নাকি এই সিনেমার মুক্তি বারে বারে পিছিয়ে যাচ্ছে। অবশেষে এই সমস্ত জল্পনা নিয়ে মুখ খুললেন খোদ সলমন খান (Salman Khan)। কী বললেন তিনি?
সরকারের আপত্তিতেই ছবির মুক্তি পিছিয়েছে? কী বললেন সলমন খান?
এই ছবির ঝলক মুক্তির অনুষ্ঠানে সলমন খান সাফ জানিয়ে দেন, এই সিনেমাটি নিয়ে যা যা গুজব রটেছে, এই সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে যা যা জল্পনা ছড়িয়েছে, সবটাই ভিত্তিহীন। শোনা গিয়েছিল, সরকারের আপত্তিতেই নাকি এই ছবির নাম পরিবর্তন করতে হয়েছে। এই কথা একেবারেই উড়িয়ে দেন সলমন। তিনি জানান, সমস্ত বাজে রটনা। এই কথা সত্যি নয়। এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে সলমন খান আরও বলেন, ‘আমরা এই সিনেমাটি তৈরি করেছি সৈন্যদের নিয়ে। তাঁরা কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তাঁদের পরিবারের সদস্যদের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। এখানে কোনও নেতিবাচক শক্তির কথা নেই। নেতিবাচক আসলে পরিস্থিতি।’
এই ছবির বিষয়বস্তু থেকে শুরু করে ভারত-চিন সম্পর্ক নিয়েও একাধিক আলোচনা হয়েছে। ভারত ও চিনের সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটির বিষয়বস্তু নিয়েও, নানা প্রশ্ন উঠেছিল। বিশেষ করে চিনের প্রসঙ্গ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে ছবিটি নিয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও খবর ছড়িয়েছিল। যদিও এই সব খবরকে ভিত্তিহীন বলেছেন স্বয়ং সলমন খান। আগামী ৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা সলমনের নতুন সিনেমার।