কলকাতা: একটার পর একটা পুজো কেটেছে, বছর ঘুরেছে, আদালত, CBI-এর দফতরে ছোটাছুটি হয়েছে, কিন্তু মেয়েকে হারানোর সুবিচার আজও মেলেনি বলে ফের দাবি করলেন আর জি কর মেডিক্যাল কলেজের (RG Kar Incident) নিহত চিকিৎসকের পরিবার।
দুর্নীতির মামলায় জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং তাঁর ঘনিষ্ঠ সুমন হাজরা। এই প্রেক্ষাপটেই ফের CBI-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ‘অভয়া’র মা রত্না দেবনাথ (Ratna Debnath)। তিনি বলেন, ‘আমরা তো কোনওসময় CBI চাইনি। কোর্ট CBI তদন্ত চেয়েছিল ভাল মনে করে। এখন CBI যদি কাজ করতে না পারে, তো ছেড়ে দেবে না কী করবে, তারা ভাল বলতে পারবে। তারা যদি দায়ভার গ্রহণ করে দায়িত্ব সামলাতে না পারে তো ছেড়ে দেবে। তখন আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাব।’
বর্তমানে তিনি শুধুমাত্র একজন মেয়ে হারা মা নন, রত্না দেবনাথ আজ শাসকদল বিজেপির একজন বিধায়কও। কিন্তু, তিনিই বলছেন, পালাবদল হলেও দুর্নীতি থামেনি। পানিহাটির বিজেপি বিধায়কের দাবি, ‘শুধু আর জি কর নয়, সব মেডিক্যাল কলেজগুলোতেই এইসব দুর্নীতি চলত এবং এখনও চলছে। পালাবদল হয়ে গেলেও, লোকগুলো তো সেখানেই রয়েছে। দুর্নীতির এত বড় ফাইল আমার কাছেই রয়েছে, প্রত্যেকটা মেডিক্যাল কলেজের।’
‘অভয়া’র মায়ের এই মন্তব্য স্বাভাবিকভাবেই বিজেপির অস্বস্তির বাড়াচ্ছে। তবে রাজ্য বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু বলছেন, ‘সে ওঁ চাইতেই পারেন, সিবিআই-কেও ভাবতে হবে তদন্ত নিয়ে।’ তবে পাল্টা রত্না দেবনাথকেই আক্রমণ শানিয়েছেন মমতা তৃণমূল কংগ্রেস মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘CBI তদন্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো পরের দিনই গ্রেফতার করেছিল। আর উনি যা কাণ্ডকারখানা করছে, তাতে ওঁর প্রতি সম্মান চলে যাচ্ছে।’
আরও পড়ুন:- আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে ‘ধর্ষণের’ শিকার বধূ
তৃণমূল সরকারে থাকাকালীন সেই দলেরই সাংসদ ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। আজ তিনি NCPI-তে। তিনিও প্রশ্ন তুলেছেন আর জি করকাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে। তাঁর বক্তব্য, ‘যেটা শোনা যাচ্ছে এখন ওষুধ নিয়ে, বক্তব্য় ছিল মেয়েটির। জাল ওষুধ নিয়ে। তো সেগুলো ওঁ ( মমতা বন্দ্য়োপাধ্য়ায় ) বলতেন যে, তুমি এগুলো বোঝো না চুপ করে থাকো। এইসব মিথ্য়া কথা। শাস্তি কেন এখনও অবধি হল না? তদন্ত কেন সঠিক হল না? আমি একবার সাধারণ সম্পাদককেও বলেছিলাম যে, আমাদের এরকম এরকম হচ্ছে। বলল, স্বাস্থ্য়মন্ত্রীকে বল। স্বাস্থ্য়মন্ত্রীকে তো অনেকবারই বলেছি কিন্তু ওঁকে (মমতা বন্দ্য়োপাধ্য়ায় ) তো তখনও অবধি কোনও পদক্ষেপ নিতে দেখিনি।’
CBI তদন্তে অসন্তোষ প্রকাশ করলেও, এদিন বিগত তৃণমূল সরকারকে ফের একবার নিশানা করেছেন অভয়ার মা। ‘এটা সবাই জানে, সারা বিশ্বই জানে, তখনকার (তৃণমূল) সরকার যারা অপরাধ করেছিল, তাদের দলে ছিল, তাদের আড়াল করার চেষ্টা করেছিল, তথ্যপ্রমাণ সব লোপাট করেছিল। এমনকী যে DNA, সেটাও দূষিত ইচ্ছাকৃত করে দেওয়া হয়েছিল। এটা সবাই জানে, সব তদন্ত হচ্ছে,’ দাবি ‘অভয়া’র মার।
বছরের পর বছর তদন্ত হচ্ছে। কিন্তু মেয়েকে হারানোর সুবিচার কবে পাবেন অভয়ার মা-বাবা? উঠছে প্রশ্ন।