কলকাতা: কেন সাংসদ পদ খারিজ নয়? NCPI-কে শেষ সময়। জবাব দিতে বারবার চিঠি দেওয়া হয়েছে, এবার শেষ সুযোগ অধ্যক্ষ ওম বিড়লার। সূত্র মারফৎ খবর, ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে অভিষেকের চিঠির জবাব।২৪ নভেম্বরের পরে আর কোনওভাবেই সময় নয়। তারপরেই শুরু যাবতীয় প্রক্রিয়া, জানিয়ে দিল সচিবালয়।’
বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই, বিদ্রোহ ঘোষণা করেন তৃণমূলের প্রতীকে জয়ী ২০ জন সাংসদ। তারপর NCPI-এ মিশে যান। এরপর বিজেপির নেতৃত্বাধীন NDA-কে সমর্থনের ঘোষণা করেন। NDA-র বৈঠকে যেতে শুরু করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা।মুখ্য়মন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও তাঁদের দেখায় যায়।কিন্তু, এসব ঘটলেও, খাতায় কলমে এখনও তৃণমূল সাংসদ হিসাবেই রয়ে গেছেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন সাংসদ। এরইমধ্য়ে তাঁদের সাংসদ পদ বাতিলের দাবিতে স্পিকালের কাছে এবং সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
২৫ অগাস্ট, ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের বক্তব্য জানতে চেয়ে চিঠি দেয় লোকসভার সচিবালয়।৭ দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পয়লা সেপ্টেম্বর সেই সময়সীমা শেষের দিন, আরও ৩ সপ্তাহ সময় চান ২০ জন সাংসদ। সেই তিন সপ্তাহের সময়সীমার শেষ হয় ২২ সেপ্টেম্বর। ফের ইমেল করে এবং লোকসভার সচিবালয়ে চিঠি দিয়ে, আরও ৪ সপ্তাহ অর্থাৎ ২০ অক্টোবর পর্যন্ত সময় চান NCPI সাংসদরা। সেই মেয়াদ শেষ হয়। ওই দিনই ফের লোকসভার সচিবালয়ে চিঠি দেন তাঁরা। সূত্রের দাবি, চিঠিতে লেখা হয়েছিল,পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর ছুটির কারণে চূড়ান্ত জবাব দেওয়া সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে বিনীত অনুরোধ করা হচ্ছে যে, আমাদের (NCPI সাংসদ) আরও ২ সপ্তাহ অর্থাৎ ৩ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। কিন্তু এবার আর বর্ধিত সময় নয়, সচিবালয় জানিয়ে দিয়েছে, ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে অভিষেকের চিঠির জবাব, খবর সূত্রের।
সম্প্রতি মমতা তৃণমূল কংগ্রেস মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘দিল্লির ধোপার বাড়ি যাওয়া ২০ জন, যাদের লজ্জা-ঘেন্না বলে কিছু নেই। তারা নাকি সাংসদ। তারা কোন দলে আছেন, সেটাই বলতে পারেন না। আবার ২ সপ্তাহ সময় চাইছেন। মানে কী? এদের তো কাউকে কাউকে তার মানে নাম জিজ্ঞাসা করলে ৩ দিন সময় নেবে। বাবার নাম জিজ্ঞাসা করলে ৭ দিন সময় নেবে। ঠিকানা জিজ্ঞাসা করলে ১৫ দিন সময় নেবে। এই অনৈতিক কাজটা মদত দিয়ে যাচ্ছে বিজেপি।’