সৌভিক মজুমদার, কলকাতা: প্রধান বিচারপতির বেঞ্চে অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশের তীব্র সমালোচনা প্রধান বিচারপতির।
১৯ বছর আগের খেজুরির মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারির সিদ্ধান্ত খারিজ হয়। গতকাল এই সিদ্ধান্ত খারিজ করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এরপর ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার। আজ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর জামিন-মামলার শুনানি চলে হাইকোর্টে। এদিন প্রধান বিচারপতি প্রশ্ন তুলে বলেন, “সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ কীভাবে দেয়? বিস্মিত হচ্ছি যে কীভাবে সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিল? কোন আইনের বলে এই সিদ্ধান্ত নিল সিঙ্গল বেঞ্চ? এই ধরনের নির্দেশ একদিনের জন্যও বহাল থাকতে পারে না। কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে না, এই ধরনের কোনও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চলতে পারে না। কীভাবে এই ধরনের নির্দেশ ছিনিয়ে আনলেন? গ্রেফতার হলে জামিনের আবেদন, আর গ্রেফতার হওয়ার আগে আগাম জামিনের আবেদন, এটাই আইন। ভোটে লড়ছেন বলে বিশেষ কোনও সুবিধা দেওয়া যায় না। রক্ষাকবচ চেয়ে এই ধরনের মামলা আপনি করতেই পারেন না। মামলা প্রত্যাহার করে নিন”, মিলন প্রধানের আইনজীবীকে পরামর্শ প্রধান বিচারপতির।