বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। এদিন মনোনয়ন পেশের আগে নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দেন তিনি। দল প্রার্থী করায় খুশি, দাবি মুখ্যমন্ত্রীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মায়ের। নমিনেশন জমা দিয়ে বেরিয়ে এসে এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকার দিলেন হাসিরানি রথ।
আরও পড়ুন, নন্দীগ্রামে উপনির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “এমন মার্জিনে, BJP জিতবে..”
এবিপি আনন্দ : ম্যাডাম আজকে আপনি জম দিলেন মনোনয়ন পত্র। নন্দীগ্রামের ক্ষেত্রে কী বলবেন ?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা : আমি নমস্কার জানিয়েই বলি, ..বিধানসভা নির্বাচনে আমি দলের প্রতি কৃতজ্ঞ।.. নন্দীগ্রামের সংগঠনের প্রতিও আমি শ্রদ্ধা জানাই। এবং নন্দীগ্রামবাসীর প্রতিও আমার পূর্ণ আস্থা আছে। আমি এই নির্বাচনে, নন্দীগ্রামবাসীকে সঙ্গে নিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে, আমাদের ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য, সেই লক্ষ্যে জয়ের দিকে এগিয়ে তো যাবই। এবং অনেক অনেক বেশি ভোটে, ১ লাখ ১০ হাজার ভোটে, আমাদের টার্গেট, ১ লাখ ১০ হাজারের বেশি ভোটে আমরা জিতব।
এবিপি আনন্দ : শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁর ছেড়ে যাওয়া আসন, এখানে লড়াই কঠিন নাকি সহজ ? কী মনে করছেন ?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা : ..মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তৃণমূলের যখন মধ্য গগনে সূর্য, তখন শুভেন্দু অধিকারী ১৯৫৬ ভোটে, মুখ্যমন্ত্রীকে (তৎকালীন) হারিয়েছেন, সেই জায়গায় ২০২৬ এ উনি আবারও নির্বাচিত হয়েছেন। তার ছেড়ে যাওয়া আসন নয়, তারই আসন, ..আমাকে আজকে মনোনয়ন দিয়েছেন ঠিকই, কাজ হবে আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরেই। আমি কাজ করব আমাদের সংগঠনকে নিয়ে।
এবিপি আনন্দ : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বলছেন যে, আপনার ছেলে চন্দ্রনাথ রথকে যেভাবে খুন করা হয়েছিল, সেক্ষেত্রে দোষীরা শাস্তি পাবে। আপনি কী চাইবেন আজকের দিনে দাঁড়িয়ে ?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা : আজকে সব কিছুর মধ্যেও , আমার মধ্যে একটা বিরাট শূন্যতা আছে। আমার খুব কষ্ট হচ্ছে, আজকে দিনে। কিন্তু শুভেন্দু বাবু সিবিআই-এর হাতে, দায়িত্বভার তুলে দিয়েছেন, নিশ্চয় বিচারধীন প্রক্রিয়ায় কাজ চলছে। তদন্ত হলে, আমরা চার্জশিট একটা পেয়েছি, তারপর আবারও কিছু হলে আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারব।
এবিপি আনন্দ : সরাসরি মুখ্যমন্ত্রী বলছেন যে, এর পিছনে (চন্দ্রনাথ খুনে) ভাইপো গ্যাং রয়েছে। ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল , কী বলবেন ?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা : এটা একদম সম্পূর্ণ সত্যি। ভবানীপুরে যদি না হারতো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী.., তাহলে হয়তো আমার ছেলের জীবনটা নিয়ে এই ছেলেখেলা হত না। এটা আমার মনে হয়, ভাইপো গ্যাং আছে।
এবিপি আনন্দ : কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের তরফ থেকে দুটো করে প্রার্থী দেওয়া হয়েছে, প্রতিদ্বন্দী বলে মনে হয় ?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা : না না আমার মনে হচ্ছে না কোনও, প্রতিদ্বন্দিতা কিছু আমার মনে হয়নি। ওদের দলেই ভাঙন। আমাদের দলটা ভাল করেই বুঝে নেবো।
এবিপি আনন্দ : প্রচারটা কবে থেকে শুরু করছেন, কবে থেকে করছেন ?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা : আমাদের প্রচার শুরু হয়ে গিয়েছে। আমার নন্দীগ্রামের মানুষজন, প্রায় ১ সপ্তাহ আগে থেকেই, ক্যান্ডিডেটের নাম ঘোষণা না হলেও, পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য, প্রায় ১৫ দিন আগে থেকে তাঁরা প্রচার শুরু করে দিয়েছে।