কলকাতা: বাচ্চার জন্য দুধ গরম করছিলেন এক মহিলা। কিন্তু সেখানেই আচমকা পৌঁছে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পার্ক স্ট্রিটে ফুটপাথ জবর দখল মুক্ত করতে গিয়ে এক ফুটপাথবাসী মহিলাকে ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। সেই ইস্যুতেই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ফেসবুক লাইভে এসে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করলেন। তিনি বলেন, ‘নাম পরিবর্তন করলেই হৃদয় পরিবর্তন হয় না, আগে মানবিক হোন। ছোট্ট শিশুর মা দুধ ফোটাচ্ছেন, অসহায় মানুষের থাকার ব্যবস্থা করুন। দুধটাকে ফেলে দিতে গায়ে লাগে না, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আমি ও আমার দল পরিবারের দায়িত্ব নিতে রাজি। আমাদের সহকর্মীর বাড়িতে থাকা ও বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে দেব।’
সেদিন সেই ফুটপাথে পুরমন্ত্রী দেখেন এক মহিলা দুধ গরম করছেন বাচ্চার জন্য। সেখানে গিয়েই পুরমন্ত্রী বলেন, ‘কোথা থেকে এসেছেন? ফুটপাথে রান্না করছেন কেন?’ তখন সেই মহিলা বলেন, ‘রান্না করছি না। বাচ্চার দুধ গরম করছি।’ পাল্টা অগ্নিমিত্রা পাল বলেন, ‘কেন এখানে দুধ গরম করবেন? ফুটপাথের মধ্যে বাচ্চার দুধ গরম হবে?’ রীতিমতো রেগে গিয়ে ফুটপাথের বাসিন্দা এই মহিলাকে কড়া বার্তা দিতে দেখা যায় পুরমন্ত্রীকে।