কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : গণতান্ত্রিক তৃণমূল প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উঠছে নানা প্রশ্ন। বাড়ছে জল্পনা।
কী বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ?
‘ঋতব্রত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়া আছে বলে চলছে’, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, ‘একটা মৃত তৃণমূল, আরেকটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় শেষ হয়ে গেছে। আর ঋতব্রত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়া আছে বলে চলছে। যেদিন হাত নামিয়ে নেবে, ও (ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবির) শেষ হয়ে যাবে। ডায়রেক্ট বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন, আমরা যদি চাই ২৮০টাই আমাদের জন্য ভোট দেবে। মিথ্যে কথা কিছু বলেননি।’ ফেসবুকে এই বক্তব্য় পোস্ট করেছেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি আরও বলেছেন, ‘মৃত তৃণমূলের কেউই প্রায় নেই সঙ্গে আর ঋত তৃণমূলের যে ক’জন আছে, সেগুলো সত্যি আমাদের দয়া দাক্ষিণ্যে আছে।’
‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল’, স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
শারদ্বত মুখোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে কী বলছেন গণতান্ত্রিক তৃণমূল ওরফে ঋতব্রত (বন্দ্যোপাধ্যায়) তৃণমূলের নেতা এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ?
স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে মদন বলেছেন, ‘কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে এই কারণে… উনি যেটা বলছেন, দেখতে হবে পশ্চিমবঙ্গের মানুষ সেই ধরনের কথা ভাবছে কিনা। আজকে আমরা যদি লাগাতার রাস্তায় নামি, মার খাই, লাঠি খাই, দেখবেন আস্তে আস্তে ভাবটা কেটে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধিতা আন্দোলন বাস্তবে নেই।’ আবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমাদের বিরোধীরা এই মুহূর্তে অস্তিত্বহীন সেটাই উনি বলার চেষ্টা করেছেন।’
শারদ্বত মুখোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে কী বলেছেন বিরোধী দলের নেতারা ?
কুণাল ঘোষ (মমতা তৃণমূল) – ‘আজকে শারদ্বতবাবু যেটা বুঝিয়ে দিয়েছেন, সেটা পোষা, পোষা, পোষা, বিজেপির পোষা, একেবারে পেট স্ট্যাটাসে নামিয়ে দিয়েছেন শারদ্বতবাবু।’
আখরুজ্জামান (গণতান্ত্রিক তৃণমূল) – ‘শারদ্বতবাবু যদি ভেবে থাকেন যে আমরা মুখ্যমন্ত্রী দয়া দাক্ষিণ্যে বেঁচে আছি, এটা ভুল করছেন।’
সুজন চক্রবর্তী (সিপিএম) – ‘ওর কাজ ছিল হাসপাতাল চিকিৎসা ইত্যাদি, সেটা না করে উনি এমন এমন কথা বলছেন যে সত্যটা বেরিয়ে পড়ছে। ভুলভাবে ঠিক কথাটা বলে ফেলেছেন।’
আশুতোষ মুখোপাধ্যায় (কংগ্রেস) – ‘আজকের দিনে যে সরকার তারা সবাইকে একদম নিজেদের সঙ্গে করে নিয়ে চলতে চায়। বিরোধী বলে কিছু রাখতে চায় না। অর্থাৎ গণতন্ত্রের জন্য বিপদ।’