কলকাতা: অতিবৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নেমেছে, আর তার ফলে বিপর্যস্ত উত্তরবঙ্গের ট্রেন চলাচল। পর পর বাতিল হচ্ছে ট্রেন আর এর ফলে, বিকল্প রাস্তা হিসেবে মানুষ বেছে নিচ্ছে বাসকে। আর এর ফলে, হাহাকার বাসের টিকিটের জন্য ও। ১২০০ বা ১৩০০ টাকার টিকিট বিকোচ্ছে চার হাজারেও বেশি টাকায়! এখানেই শেষ নয়, অনেক সময়ে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না টিকিট। যাঁরা ইতিমধ্যেই ১২০০ বা ১৩০০ টাকা দিয়ে টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের সেই টাকা ও টিকিট ফিরিয়ে দেওয়া হচ্ছে। জানানো হচ্ছে যে, নতুন করে অনলাইনে বেশি দাম দিয়ে টিকিট কাটতে হবে। ধর্মতলার বেসরকারি বাস স্ট্যান্ডের বাইরে এত রাতেও লম্বা লাইন!
লাইনে ধস, বিপাকে যাত্রীরা
নিউ ফরাক্কা স্টেশনের কাছে লাইনে ধস নামার ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল হয়ে গিয়েছে। বাতিল হয়ে গিয়েছে, আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বাতিল হয়ে গিয়েছে, আজ রাতের শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল। বাতিল হয়ে গিয়েছে, আজ রাতের শিয়ালদা-মালদা টাউন গৌড় এক্সপ্রেস। বাতিল আজ রাতের শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। বাতিল করা হয়েছে, কালকের শিয়ালদা-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দেরিতে চলছে রাঁচি–কামাখ্যা, কামাখ্যা–কর্ণভূমি, আগরতলা–হামসফর এক্সপ্রেস। ঘুর পথে চলছে আজ রাতের শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর এর ফলে, বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
আকাশছোঁয়া টিকিটের দাম, অমিল বাসও!
কেউ যাত্রা করছিলেন কাজের জন্য, কারও চাকরিতে যোগদান করার কথা ছিল, কারও আবার পারিবারিক দরকার ছিল, কেউ বা যাচ্ছিলেন বিশেষ করে দরকারে। কিন্তু অতিবৃষ্টির জেরে এখন সেই সমস্ত পরিকল্পনাই প্রশ্নের মুখে। অনেক মানুষেরই আর রাতের মধ্যে রওনা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তা এখন বিশ বাঁও জলে। ট্রেন বাতিল হওয়ার জেরে, বিকল্প হিসেবে মানুষ বেছে নিয়েছেন বাসকে। কিন্তু সেখানেও বিপত্তি। বাসের টিকিটের জন্য ধর্মতলার বেসরকারি বাস স্ট্যান্ডে হাহাকারের ছবি। অনেকেই সেখানে দাঁড়িয়ে অনলাইনে টিকিট বুকিং করার চেষ্টা করছেন। কিন্তু অনলাইনে অমিল টিকিট। যে সমস্ত রুটে টিকিটের দাম থাকে ১২০০ বা ১৩০০, সেই টিকিটই নাকি বিকোচ্ছে ৩ থেকে ৪ গুণ বেশি দামে! বাস কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য জানানো হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাড়তি বাস চালানো হচ্ছে। কিন্তু যাত্রীরা বলছেন, তাই যদি হয়, তাহলে এত বাড়তি টিকিটের দাম কেন? অনেকে দামের জন্য ছুঁতেই পারছেন না টিকিট! পাশাপাশি প্রশ্ন উঠেছে, সরকারি বাস পরিষেবা নিয়েও। অনেকের মতেই, এই পরিস্থিতিতে যদি সরকারি বাসের পর্যাপ্ত পরিষেবা থাকত তাহলে সুবিধা পেতেন বহু মানুষ।
আরও পড়ুন: Bollywood News: আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!