কলকাতা: কাজের দিনে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন লেগেছে আজ বেলার দিকে। জানা যাচ্ছে, এই বহুতলের নিচে রয়েছে একটি গুদাম, সেখানেই আগুন লেগেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে কাপড়ের গুদাম। স্থানীয়রা জানাচ্ছেন ওই বহুতলে ১০ থেকে ১২টি ফ্ল্যাট রয়েছে। বাসিন্দাদের নিরাপদে বের করে আনা গিয়েছে। আপাতত ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৭টি ইঞ্জিন। ফ্লোরের জানলা এবং দরজাগুলি ভেঙে ধোঁয়া বের করা হচ্ছে। ঘটনাস্থলে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর। এখনও বিল্ডিংটি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। দমকল আধিকারীকরা জানাচ্ছেন, ধোঁয়ার কারণে এলাকার দৃশ্যমানতা কার্যত নেই। সেই কারণে ঠিক কোথায় আগুন লেগেছে তা স্পষ্ট করা সম্ভব হচ্ছে না।
দাউ দাউ করে জ্বলে উঠল কাপড়, কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড
স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন, শট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তবে ফের কলকাতায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। যে বহুতলের ওপরের তলায় সাধারণ মানুষের বসবাস ছিল, কেন তার একতলা এবং ২ তলায় কাপড়ের গুদাম থাকতে? এই বিল্ডিংয়ের আদৌ কি কোনও NOC-রয়েছে? আগুন লাগার ফলে দাউ দাউ করে জ্বলে ওঠে কাপড়। জানা যাচ্ছে, কাপড়ের গুদামে শুধু সুতি নয়, মজুত ছিল প্রচুর সিল্কের কাপড়ও। সিল্ক দাহ্য পদার্থ, আগুনের সঙ্গে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েক ঘণ্টা অতিক্রান্ত হলেও দমকলের কর্মীরা ফায়ার পকেটে ঢুকতে পারছেন না। এখনও পর্যন্ত বিল্ডিংয়ে ঢোকাই যায়নি। বাইরে থেকেই জল দিয়ে আগুন নেভানো এবং জানলা ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চলছে।
বর্তমান পরিস্থিতি কেমন? কতটা নিয়ন্ত্রণে আগুন?
দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলের তরফে জানানো হয়েছে, ধোঁয়া যদি বিল্ডিংয়ের ভিতরে আটকে থাকে, তাহলে তাঁরা আগুনের মূল উৎসস্থল অবধি পৌঁছতেই পারবেন না। সেই কারণে আপাতত পাশের বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে ঢুলে, হাতুড়ি দিয়ে জানলার কাচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি জানানো হয়েছে, বিল্ডিংয়ে কেউ আটকে নেই। নেই কোনও হতাহতের খবরও। সমস্ত মানুষকে সাবধানে বিল্ডিং থেকে বের করে আনা গিয়েছে। তবে এইরকম ঘিঞ্জি এলাকায় কীভাবে কাপড়ের গুদাম এবং বসবাস একই বিল্ডিংয়ে করা হত, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
আরও পড়ুন Raj-Mimi Chakraborty: গুঞ্জন ছিল আগেই, অবশেষে সিলমোহর! দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করছেন রাজ আর মিমি