তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পায়ে পায়ে, ২ বছর পূর্ণ করল ছোট্ট কৃষভি। কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) আর শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) কন্যা। ২ বছর আগে, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সুখবর প্রকাশ্যে এনেছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী। তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট কন্যাসন্তান। দেখতে দেখতে বড় দিদিও হয়ে গিয়েছে কৃষভি। কাঞ্চন-শ্রীময়ীর পরিবারে এসেছে পুত্রসন্তান, কৃষভির খেলার সঙ্গী। ২ বছরের জন্মদিন একরত্তির জন্য কী কী আয়োজন করা হল? এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) সেই গল্প শোনালেন শ্রীময়ী।
কৃষভির জন্মদিনে কী পরিকল্পনা শ্রীময়ীর?
মেয়ের জন্মদিনেও ছুটি পাননি বাবা, কাঞ্চন ব্যস্ত শ্যুটিংয়ে। শ্রীময়ী বলছেন, ‘পরিকল্পনা ছিল সবাই একসঙ্গে দুপুরের খাবার খাব। কিন্তু কাঞ্চন সময়মতো আসতে পারেনি, সম্ভবত শ্যুটিংয়েই আটকে গিয়েছে। সারা দুপুর জেগে বসেছিল কৃষভি। কিন্ত ভাবছি, এবার রাতের খাওয়াটাই একসঙ্গে খাব, কেক কাটা হবে। কৃষভি বেলুন ভালবাসে, ওর জন্য বিশেষ করে বেলুন থিমের একটা কেক তৈরি করা হয়েছে। আর বাড়িতে বিভিন্ন রান্না হয়েছে। ওকে এখনও মাংস দেওয়া হয়নি। তাই ভেটকি, পমফ্রেটের মতো কাঁটা ছাড়া মাছ রয়েছে মেনুতে। আর রীতি মেনে ৫ ভাজা, আমি রান্না করেছিল পায়েস। বিকেলে কাঞ্চন ফিরলে ইচ্ছা রয়েছে, মা কালীর কাছে একবার পুজো দিতে যাব। বিশেষ এই দিনগুলোয় মনে হয়, মায়ের আশীর্বাদ নিয়ে আসি একবার.. ‘
কৃষভির জন্মদিনের ঝুলিতে কী কী উপহার?
ছোট্ট কৃষভি কী কী উপহার পেল বাবা আর মায়ের থেকে? ছোট ভাই গদাইয়ের সঙ্গেই বা কেমন সমীকরণ তৈরি হল তার এই কয়েকটা মাসে? শ্রীময়ী হেসে বললেন, ‘কাঞ্চন একটা দারুণ উপহার দিয়েছে, কৃষভির জন্য একদম পারফেক্ট। ভীষণ কাজে লাগবে ওর। আর আমি দিয়েছি নতুন জামা আর অনেক ভালবাসা।’ মাত্র কয়েক মাস হল বাড়িতে এসেছে কৃষভির নতুন খেলার সঙ্গী। কিন্তু তার নাকি আক্ষেপ, ভাই কেন উঠে বসে না, তার সঙ্গে ছুটোছুটি করে খেলে না.. মাঝে মাঝে নাকি ভাইয়ের ওপর একটু রেগেও যায় ছোট্ট কৃষভি। তবে শ্রীময়ী বলছেন.. কৃষভি নাকি ভীষণ দায়িত্ব নিতে, আগলে রাখতে ভালবাসে ছোট থেকেই। লোকজন, খেলার সঙ্গী ওর ভীষণ প্রিয়। গদাই যখন একটু বড় হবে, তখন বড় দিদি হিসেবে আরও দায়িত্বশীল হয়ে উঠবে কৃষভি।
শ্রীময়ীর কাজ নিয়ে পরিকল্পনা?
ছেলের জন্মের মাত্র ১১ দিনের মাথাতেই শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন শ্রীময়ী। আগামীকে কাজ নিয়ে কী পরিকল্পনা রয়েছে? শ্রীময়ী বলছেন, ‘আমি বাড়িতে বসে থাকব আর বর সংসার চালাবে, এটা আমি পারি না একেবারেই। ছোট থেকেই আত্মনির্ভর, সেটাই থাকতে চাই। দুই সন্তান আমার, ওদের দায়িত্ব অবশ্যই নেব। দরকার হলে কাজ থেকে সাময়িক বিরতিও নেব। কিন্তু আমি কাজ ছেড়ে বাড়িতে বসব না।’
আরও পড়ুন: Weather Update: শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?