কলকাতা: এই ছবি নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল যে, প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই ভেঙে যেতে বসেছে টলিউডের জনপ্রিয় নায়িকা আর পরিচালকের জুটি! তবে ছবি সাফল্য পাওয়ার পরেই, সেই সমস্ত জল্পনাকে নস্যাৎ করেই, ‘দেশু সেভেন’ (DeSu7) দেখতে এলেন, রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এখানেই শেষ নয়, এদিন পাশাপাশি দাঁড়িয়ে দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) কথা বললেন, পাশাপাশি সাধুবাদ জানালের রাজকেও। দেবের কথায়, ‘রাজ সমর্থন না করলে, এই ছবি কখনও সম্ভব হত না। আমার কথা যে মাত্র কয়েকজন মানুষ বুঝতে পারবেন, তাঁদের মধ্যে রাজ অন্যতম।’
‘দেশু সেভেন’-এর সাফল্যে রাজকে বিশেষ ধন্যবাদ দেবের
এদিন ‘দেশু সেভেন’ (DeSu7)-এর স্পেশাল স্ক্রিনিং দেখতে এসেছিলেন রাজ চক্রবর্তী। তবে ছবির শেষেই তিনি বেরিয়ে যান। তাই ছবিটি রাজের কেমন লেগেছে, সেই প্রতিক্রিয়া পাননি দেব বা শুভশ্রী কেউই। এদিন দেব বলেন, ‘ আমি যখন বিদেশে ছিলাম, সেই সময়ে ছবি ভাল চলেছে, হাউজফুল হয়েছে.. রাজ আমায় সমর্থন করেছে। রাজ চক্রবর্তী একটা ব্র্যান্ড কমার্শিয়াল ছবির ক্ষেত্রে। কমার্শিয়াল ছবির ব্যর্থতার কষ্ট যেমন রাজ জানে, সাফল্যের আনন্দটাও জানে। আমার পরিশ্রম, আমার কষ্টটা যদি সবচেয়ে বেশি কেউ বুঝে থাকেন, তার মধ্যে রাজ একজন। আর ওর ছবি দেখতে আসাটা, আমার কাছে খুব বড় একটা পাওয়া। তবে ছবি দেখার পরে ওর প্রতিক্রিয়া নেওয়া হয়নি। গাড়িতে উঠেই ওকে ফোন করব। জানতে চাইব, ছবিটা ওর কেমন লাগল। ভবিষ্যতেও যদি ফের ছবি পরিচালনার সিদ্ধান্ত নিই, কোথায় কী কী ভুল হয়েছে, কোন কোন বিষয়গুলো আরও ভাল করতে হবে, রাজের কাছ থেকে পরামর্শ নেব।’
এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, ‘ছবি শেষ হওয়ার আগেই ব্যাক স্টেজে চলে গিয়েছিলাম। সিনেমার শেষে রাজের সঙ্গে আর কথা হয়নি, ও বেরিয়ে গিয়েছে। তবে বিরতিতে রাজের সঙ্গে কথা হচ্ছিল। রাজ আমাদের একটা স্তম্ভের মতো যে এত বড় বড় সিনেমা আমাদের উপহার দিয়েছে। ‘চ্যালেঞ্জ’ ছবিতে আমাদের জুটি তৈরি হওয়াই রাজ চক্রবর্তীর হাত ধরে। রাজের সমর্থন সবসময় আমি পেয়ে এসেছি, সেই কারণে ও আজকে নিয়ে এসেছে। ইন্টারভ্যাল অবধি ওর ছবিটা খুব ভাল লেগেছে। বাকিটা বাড়ি গিয়ে শুনব।’