কলকাতা: রাজ্যে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে ডেঙ্গি পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, কিন্তু কবে মিলবে ডেঙ্গির প্রতিষেধক?
ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে এবার পাওয়া গেল বড় আপডেট। ২০২৭ সালের আগে ডেঙ্গির ভ্যাকসিন পাওয়া যাবে না, জানিয়ে দিল ICMR। ফলে এখনই স্বস্তি মিলছে না।
রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৫ হাজার পার। মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্ত হাজার ছাড়াল। ডেঙ্গি টেস্ট হয়েছে মোট ৬ হাজার ৮২৬ জনের। ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি বুলেটিন প্রকাশ স্বাস্থ্যভবনের। কলকাতায় আক্রান্ত ৫০০-র বেশি, মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ১০৭২। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪৫০ জন, নদিয়ায় আক্রান্তের সংখ্যা ৪০০-র বেশি।
দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৩৬৬ জন। মালদায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৩২৫, হুগলিতে ৩২৫ জন ডেঙ্গি আক্রান্ত, পূর্ব বর্ধমানে ২৫৬ জন আক্রান্ত, পশ্চিম বর্ধমানে আক্রান্তের সংখ্যা ১৫৪। পূর্ব মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ১২৬, পশ্চিম মেদিনীপুর আক্রান্ত ১০৪, ডায়মন্ড হারবারে ৮৮, ঝাড়গ্রামে ৫৪ জন। গত একমাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত দ্বিগুণেরও বেশি।
রাজ্যে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৫ হাজার পার করেছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি বুলেটিন প্রকাশ করল স্বাস্থ্যভবন। স্বাস্থ্যভবনের তরফে যে সরকারি পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২ জন। এই পরিসংখ্যান কিন্তু চিন্তা ধরাচ্ছে অন্য জায়গায়। গত মাসের গোড়ার দিকে, ৬ অগাস্ট যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, ৬ অগাস্ট পর্যন্ত রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪১০ জন। অর্থাৎ আড়াই হাজারের নীচে। সেই সংখ্যাটাই মাস ঘুরতে না ঘুরতে দ্বিগুনের বেশি হয়ে গেল।
শিশুরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক অপূর্ব ঘোষ বলেছেন, ‘ডেঙ্গির থেকে বাঁচার প্রিভেনশন ছাড়া, আর কোনও উপায় কিছু নেই। আর একটা জিনিস, আমি ডেঙ্গির বিষয়ে বলে রাখি , বাবা মায়েরা ভাবেন, যে জ্বর যতক্ষণ আছে, ততক্ষণ খারাপ, আর ডেঙ্গি এমনই একটা জিনিস, যেই জ্বরটা নেমে গেল, তখন তাঁকে বিপদে ফেলে। প্রথমবার ডেঙ্গিতে খারাপ হয়ে যাওয়ার চান্স খুব কম। সেকেন্ড টাইম ডেঙ্গিতে খারাপ হয়, জ্বরটা যখন নেমে যায় তারপরে। এজন্য আমি সবসময় বলি, জ্বরটা নেমে যাওয়ার পর কেমন আছে বাচ্চাটা, জ্বরটা নেমে যাওয়ার পর তার ইউরিন কেমন আছে, জ্বরটা নেমে যাওয়ার পর তার পেটে ব্যাথা হচ্ছে কি না, এগুলি ডেঙ্গির শক সিনড্রমের লক্ষণ।সেগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে।’
আরও পড়ুন: রাজ্যের ২৩ জেলায় জারি হলুদ সতর্কতা, আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া?