কলকাতা – ‘অর্ণব’ যেতে না যেতেই এবার ‘মুরাসু’। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সোমবারই অন্ধ্র উপকূলের কাছে পৌঁছে যাবে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নারসাপুরের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। সাগরে ফের ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় ‘অর্ণব’- এর ল্যান্ডফল এবং তা ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সময়েও মৌসম ভবন জানিয়েছিল যে দক্ষিণ আন্দামান সাগরে একটি নতুন সিস্টেম বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এমনিতেও আবহবিদদের মতে অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুর সময় এইসব ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়, নিম্নচাপ তৈরির আদর্শ এবং অনুকূল সময়। তবে দক্ষিণ আন্দামান সাগরের ওই সিস্টেম পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। নিম্নচাপ কিংবা গভীর নিম্নচাপ হিসেবেই অবস্থান করত ওই ঘূর্ণাবর্ত। আর এই সিস্টেমের জেরে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা ছিল বলেও জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফে।
আজ রবিবার ১ নভেম্বর দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান – এই জেলাগুলিতে রবিবার ১ নভেম্বর ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। অন্যদিকে আজ রবিবার ১ নভেম্বর উত্তরবঙ্গের কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে আজকের জন্য। ২ এবং ৩ নভেম্বর উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে না। হাওয়া অফিস কোনও সতর্কতা জারি করেনি। ৩ এবং ৪ তারিখ আবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – এই জেলাগুলিতে বৃষ্টি হলেও ঝড়ের সতর্কতা নেই। ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।