
দুর্গাপুজো শেষ। বাঙালির ঘরে ঘরে চলছে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি। রবিবার লক্ষ্মীপুজো।

তার মাঝেই আবহাওয়া নিয়ে প্রমাদ গুনছেন অনেকে। সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’।

সাগরে গভীর থেকে অতি শক্তিশালী নিম্নচাপ, আগামী সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের দিকে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের উপকূলবর্তী এলাকায়।

বুধ থেকে শুক্রবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এর আগে গত সেপ্টেম্বর মাসেও ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হওয়ায় ‘অর্ণব’ দানা বাঁধেনি।

যে কারণে নতুন যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে, সেই ঝড়ের নামকরণ করা হয়েছে আগের অব্যবহৃত নাম ‘অর্ণব’।

বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়গুলির নামকরণ করার একটি পদ্ধতি রয়েছে। ১৩টি দেশের তৈরি পূর্বনির্ধারিত তালিকা ধরে ঘূর্ণিঝড়ের নামকরণ হয়।

সেই ১৩টি দেশ হল বাংলাদেশ, ভারত, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ইয়েমেন ও ইরান।

সেই ক্রম অনুযায়ী পরবর্তী নাম ‘অর্ণব’ বাংলাদেশের দেওয়া নাম। এর অর্থ ‘সমুদ্র’ বা ‘সাগর’। ছবি – IANS
Published at : 24 Oct 2026 10:44 AM (IST)