কলকাতা : পুজোর আগেই থাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।  সেটি আগামীকাল , ১১ অক্টোবর, আন্দামান সাগরে পৌঁছবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১৩ তারিখ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে চলেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে। 

পুজোর আগে রাজ্যের সকলেরই প্রশ্ন, নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে কি না। তবে আবহাওয়া দফতর বলছে, এ রাজ্যের মানুষকে আপাতত পুজোয় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত হতে হবে না। শনিবার , মহালয়া ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে।

আগামী  ১৪ অক্টোবর, উপকূলীয় কয়েকটি জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। 

আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমী ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা কম। ১৮ অক্টোবর অর্থাৎ দ্বিতীয় সপ্তমী থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দু-এক জায়গায় স্থানীয়ভাবে সামান্য হালকা বৃষ্টি হতে পারে।

 উত্তরবঙ্গে শনিবার মহালয়া অর্থাৎ ১০ অক্টোবর উপরের পার্বত্য জেলায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৫ তারিখ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।  ১৬ থেকে ১৭ তারিখ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৮ থেকে ২২ তারিখ সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও লাগোয়া জেলায় শনিবার মহালয়া থেকে ১৩ তারিখ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা সর্বোচ্চ ৩২ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ থেকে ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।  ১৪ থেকে ১৭ অক্টোবর মেঘলা ভাব কিছুটা বাড়বে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২২ তারিখ আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *