সৌভিক মজুমদার, কলকাতা : আজ দ্বিতীয়া। আর ঠিক ৪ দিন পরই দুর্গাপুজো। তার আগে বামেদের বইয়ের স্টল করতে চাওয়া নিয়ে  চাপানউতোর তুঙ্গে। সেই ঘটনার জল গড়িয়েছে এবার আদালত পর্যন্ত।   সিপিএমের  আইনজীবীকে বিচারপতির পরামর্শ, “দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন”।  

কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজোয় দুটি বুকস্টল করতে চেয়ে আবেদন জানিয়েছিল সিপিএম। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি । এরপরই সিপিএমের তরফে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সোমবার দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী ।            

সিপিএমের আবেদন শুনেই বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে মনে করিনা। তখন সিপিএমের আইনজীবী আবেদন করেন, ‘ দয়া করে মামলা ছেড়ে দিন, আমরা অন্য এজলাসে চেষ্টা করব। পুজোর পর মামলার আর গ্রহণযোগ্যতা থাকবে না।’ বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ‘আগামীকাল মামলা  ছেড়ে দেওয়া হবে’ । 

বনগাঁয় যশোর রোডের পাশে দীর্ঘদিন ধরে পুজোর সময় বুক স্টল করে আসছে বামেরা। সিপিএম নেতাদের দাবি, এবারও তাঁরা পুলিশ-প্রশাসনকে স্টল করার কথা জানিয়েছিলেন। রাস্তার পাশে কাঠ বাঁশ জড়ো করে রাখা ছিল। কিন্তু সিপিএমের অভিযোগ,  হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা সেইসব সরিয়ে তাদের স্টল তৈরির কাজ শুরু করে। প্রতিবাদ করতে গেলে সিপিএম নেতাদের মারধর করা হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ছবি।

এছাড়া সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডেও। সিপিএমের অভিযোগ, তারা যাতে পুজোর সময় স্টল দিতে না পারে, তার জন্য পার্টি অফিস দখল করতে এসেছিল বিজেপির কর্মী-সমর্থকরা। সিপিএম কর্মী-সমর্থকরা সেই কাজে বাধা দিলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা অভিযোগ করেছে বিজেপিও।  

সম্প্রতি বইয়ের স্টল নিয়ে বামেদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘দুর্গাপুজো বলেন না, শারদোৎসব ! আমি সব দুর্গাপূজা কমিটিকে বলব, এই তথাকথিত কমিউনিস্টরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে, একটা স্টলও করতে দেবেন না।‘ এই ঘটনার পরই  ফেসটুন-ব্যানার দিয়ে ‘বাম বধের’ হুঁশিয়ারি দিয়েছিল এন্টালির কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতি। সব মিলিয়ে পুজোয় সিপিএমের বইয়ের স্টল দেওয়া নিয়ে চাপানউতোর তুঙ্গে।                



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *