কলকাতা: দুর্গাপুজো না লিখলে বামেদের বইয়ের স্টলের অনুমতি মিলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা এনিয়ে সরব হয়েছে সিপিএম। শুভেন্দু অধিকারীর পুরনো পোস্টের ছবি সামনে এনে, মুখ খুলেছেন সিপিএম নেতারা (CPIM)। সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম আবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের কথা মনে করিয়ে দিয়েছেন। যা নিয়ে জবাব দিতে দেরি করেনি বিজেপি-ও (BJP)।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু, সেই উৎসব নিয়েও এখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুজোর সময় বামপন্থীদের বইয়ের স্টল দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। বৃহস্পতিবার তা নিয়ে হুঁশিয়ারির সুর শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘দুর্গাপুজো বলেন না শারদোৎসব। আমি সব দুর্গাপুজো কমিটিকে বলব এই তথাকথিত কমিউনিস্টরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে একটা স্টলও করতে দেবেন না।’

এরপর সিপিএম ওয়েস্ট বেঙ্গলের তরফে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করা যেখানে দেখা যাচ্ছে ২০২২ সালের পয়লা অক্টোবর শুভেন্দু অধিকারীর সোশাল মিডিয়া পেজে লেখা হয়েছিল, ‘সকলকে শারদ উৎসব ও মহাষষ্ঠী’র আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।’ একই পোস্ট করেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। এ বিষয়ে  শতরূপ বলেন, ওঁ (শুভেন্দু) পোস্ট করেছিলেন শারদোৎসব। এখন ওঁর শারদোৎসবে আপত্তি। ওঁর আগে শারদোৎসব শব্দটায় আপত্তি ছিল না, এখন শারদোৎসবে আপত্তি।’

আরও পড়ুন:- সিগারেটের দাম নিয়ে বচসার জেরে টিটাগড়ে খুন দোকানদার 

শারদোৎসব প্রসঙ্গে সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম আবার মনে করিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের প্রসঙ্গ। ‘শারদোৎসব শব্দটাতে আপত্তি কেন ওদের? এটা কি কমিউনিস্ট শব্দ? গোটা বিশ্বে, বিশেষ করে এশিয়াতে বিভিন্ন মরসুমে উৎসব হয়। আমরা বর্ষাবরণ করি না? আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না? পৌষের পিঠেপুলি উৎসব হয় না? আমরা শারদোৎসব করি না? রবীন্দ্রনাথ নাটক লিখেছিলেন শারদোৎসব। তার সঙ্গে অন্য় কোনও সম্পর্ক ছিল না। এসব জানে না বলে এসব কথা বলছে। শিখবে, একটু বয়স হবে আস্তে আস্তে শিখবে।’

এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কোনও মন্তব্য করতে চাননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন এর জবাব মুখ্যমন্ত্রীই দেবেন। বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায়ের দাবি, ‘দুর্গাপুজোর উপর, আমাদের মা দূর্গা, মহিষাসুরমর্দিনী, দশভূজার উপর আমরা বাড়তি নজর দিচ্ছি। যারা পুজোবিরোধী, পুজো মানে না, তাদের দিকেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এই কথা ছুড়ে দিয়েছেন।’

দুর্গাপুজোয় বাঙালি কী খাবে, কী খাবে না, তা নিয়ে স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর বাবার মন্তব্য় ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এবার দুর্গাপুজো না শারদোৎসব, তা নিয়েও বাধল চাপানউতোর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *