কলকাতা: ২০২৪ সালে হুগলির গুড়াপে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল। ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় দোষী সাব্যস্ত অশোক সিংহ। পাল্টা সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন জানায় রাজ্য। (Hooghly Assault Case)

শেষ পর্যন্ত ফাঁসির সাজা বহাল রাখল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। তবে সাজা বহাল থাকলেও আগামী তিন মাসের মধ্যে কার্যকর করা যাবে না ফাঁসির সাজা। চাইলে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে দোষী সাব্যস্ত অশোক সিংহ। (Calcutta High Court)

এদিন আদালত জানায়, অত্যন্ত নির্মম ঘটনা ঘটায় অশোক। জেলা আদালতের শোনানো শাস্তি কমানো বা লঘু করার যৌক্তিকতা নেই। অশোক যে অপরাধ করেছে, এই শাস্তিই প্রাপ্য তার। 

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?

২০২৪ সালের ঘটনা। পাঁচ বছর ১০ মাসের মেয়েটি বিকেলে খেলতে গিয়েছিল। তার পর আর বাড়ি ফেরেনি। পরবর্তীতে অশোকের ঘর থেকে কম্বল চাপা অবস্থায় মেয়েটির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিবস্ত্র দেহ উদ্ধার হয় মেয়েটির। খুনের পর কম্বল, মশারি, কাঠ চাপিয়ে দিয়ে দেহ লুকনোর চেষ্টা করে অশোক। সেই মামলায় ২০২৫ সালে হুগলির জেলা আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসির সাজা শোনায়। 

এর পর, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অশোক। ফাঁসির সাজা মকুব করতে আবেদন জানায়। রাজ্য সরকারের তরফে যদিও আবেদন জানিয়ে বলা হয়, জেলা আদালতের নির্দেশই যেন বহাল থাকে। সেই নিয়ে বেশ কিছু দিন আদালতে সওয়াল-জবাব চলে। সরকারের তরফে বিশেষ কৌঁসুলিও নিয়োগ করা হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার হাইকোর্ট ফাঁসির সাজাই বহাল রাখে।

পাশাপাশি, আর্থিক ক্ষতিপূরণ হিসেবে জেলা আদালত যে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়, এদিন সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করেছে হাইকোর্ট। 

আরও পড়ুন: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব

তবে দোষী সাব্যস্ত অশোক চাইলে আইন মেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। তার জন্য় তিন মাস সময় বরাদ্দ করা হয়েছে তাকে। ওই তিন মাসের মধ্যে তাই ফাঁসির সাজা কার্যকর করা যাবে না। ওই সময়ের মধ্যে আইনি পদক্ষেপ করতে পারে অশোক।

অশোককে তিন মাস সময় দেওয়া নিয়ে আদালত জানিয়েছে, আজ নির্দেশের পর কালই যদি ফাঁসি কার্যকর করা হয়, সেক্ষেত্রে ভারতের সংবিধান এবং আইনে যে চূড়ান্ত সংস্থান রয়েছে, তা ব্যবহার করতে পারবে না অশোক। তাই সুপ্রিম কোর্ট বা অন্য আইনি প্রক্রিয়া করতে সময় দেওয়া হয়েছে তাকে। সেখান থেকে কী নির্দেশ আসে, তার উপর ভাগ্য নির্ধারণ করবে অশোকের।

পশ্চিমবঙ্গের জন্য আদালতের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে, শেষ বার ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসির সাজা শোনায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। ২০০৪ সালে সেই সাজা কার্যকর হয়। এতবছর পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে অশোক সুপ্রিম কোর্টে গেলে কী হয়, তা দেখার।

কলকাতা হাইকোর্টের রায় নিয়ে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, “এই মামলায় আমি সরকারি কৌঁসুলি ছিলাম। প্রশাসনের তরফে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দেন যাতে বিশেষ কৌঁসুলি হিসেবে দাঁড়াই। পাঁচ বছরের ফুটফুটে মেয়েটিকে নৃশংস, পৈশাচিক ভাবে ধর্ষণ করে খুন করে। পোস্ট মর্টেমে দেখা গিয়েছিল, মেয়েটিকে দেওয়ালে ছুড়ে ছুড়ে মারে। ডিভিশন বেঞ্চে এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করি। দীর্ঘ শুনানির পর আজ হাইকোর্ট ফাঁসির সাজা বহাল রেখেছে। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পর…১৯৯২ সালের ৭ অগাস্ট হাইকোর্ট তাকে সাজা শোনায়। দীর্ঘ ৩৪ বছর এই ধরনের একজনকে ফাঁসির সাজা শোনাল হাইকোর্ট। আদালত ভাবছে, এর সংশোধনের আর সম্ভাবনা নেই। ওই লোকটির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। মহিলাদের উপর অত্যাচার, শ্লীলতাহানি চালাত। আদালতে নির্যাতিতারা সুরক্ষা পাচ্ছেন না বলে যখন অভিযোগ উঠছে, এনকাউন্টারের তত্ত্ব আসছে যখন, সেই সময় দাঁড়িয়ে হাইকোর্টের এই রায় যুগান্তকারী।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *