কলকাতা : এক ভোট মিটতে না মিটতেই, বেজে গেছে আরও এক ভোটের দামামা। পুজোর আগেই রাজ্যে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। ৬ অক্টোবর বিধানসভা নির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। বিজেপি প্রার্থী ঘোষণা না-করলেও আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে।
নন্দীগ্রাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া কেন্দ্র। এই কেন্দ্রেই তথকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১ সালে ভোটে হারিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬ এর বিধানসভা ভোটে তৃণমূলের কার্যত ভরাডুবির পর এখন সেই শিবির দুই ভাগে বিভক্ত। এবার নন্দীগ্রামের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কালীঘাট-তৃণমূল। তাঁরা প্রার্থী করেছে, সঞ্চিতা প্রধান দে-কে। অন্যদিকে বিজেপি এখনও নন্দীগ্রাম বা রেজিনগরের প্রার্থীর নাম ঘোষণা করেনি। কিন্তু কেন এত দেরি ?
এই বিষয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘ অনেকেই প্রার্থী দেবেন, যাঁদের হারার ভয় থাকে, তারা আগে প্রার্থী দিয়ে একটু পাবলিসিটির চেষ্টা করেন। বিজেপি সংগঠিত পার্টি, একটা বাই ইলেকশনের জন্যও পার্লামেন্টারি বোর্ডের মিটিং করে সিদ্ধান্ত নিয়ে দিতে হয়। তৃণমূলের সেই চাপ নেই। বাড়ির চাকর বাকরকেও ক্যান্ডিডেট করে দিলেও চলে। আমাদের রীতিনীতি মেনে হবে। আমরা জিতবোও। ‘
এই কেন্দ্র নিয়ে চূড়ান্ত তৎপরতা নন্দীগ্রামের বিজেপি শিবিরে। নন্দীগ্রামের ৫টি মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে ৫ বিজেপি বিধায়ককে। নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআইও। তাদের প্রার্থী, শান্তিগোপাল গিরি।
মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রেও ৬ অক্টোবর উপনির্বাচন হবে। হুমায়ুন কবীরের ছেড়ে দেওয়া আসনে লড়বেন তাঁরই ছেলে গোলাম নবি আজাদ। ইতিমধ্য়ে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেসও। রেজিনগরে কংগ্রেসের হয়ে লড়বেন মহম্মদ আবদুল্লাহিল কাফি। প্রার্থীর নাম ঘোষণা করল সিপিএমও। অন্যদিকে রেজিনগরে কালীঘাট-তৃণমূল যাকে প্রার্থী করেছে, তাঁর নাম রবিউল আলম চৌধুরী । এখন এই কেন্দ্রেও বিজেপি কাকে প্রার্থী করে সেটাই দেখার।
৬ অক্টোবর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির ৫ টি বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে উপনির্বাচন রয়েছে। ওইদিন ভোট হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনেও। ৯ অক্টোবর হবে উপ নির্বাচনের ফল ঘোষণা।