মালদা : নীল-সাদা ‘জেহাদি’ রং, নিদান বিজেপি নেতার। ভাইরাল হল সেই ভিডিয়ো। গণেশ পুজোর প্য়ান্ডেলে নীল-সাদা রঙের কাপড়। তাই দেখেই মেজাজ গরম স্থানীয় বিজেপি নেতা অর্জুন কেশরীর। প্যান্ডেলে কেন এই রং? প্রশ্ন তুললেন তিনি। তবে এখানেই থামলেন না। পুজোর মণ্ডপে গিয়ে হুমকির সুরে বললেন, “রং না পাল্টালে, অপবিত্রকে কীভাবে পবিত্র করতে হয়, জানি। এত বড় ক্ষমতা, এত সাহস? আমাদের ধর্ম নিয়ে বারংবার খেলা হবে, আমরা চুপ করে বসে থাকব। এটা হয় না। মণ্ডপে মূর্তি রয়েছে বলে সম্মান করছি, না হলে এই জেহাদি রং কোনও ভাবে থাকতে দিতাম না। সনাতনের একটাই রং গেরুয়া।” যদিও পুজোর উদ্যোক্তাদের হুমকি নিয়ে কড়া বার্তা দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়ালের সাফ বার্তা, “পুজোর রাজনীতিকরণের বিরুদ্ধে বিজেপি, এমন ঘটনা সমর্থনযোগ্য নয়। কোথায় কী রংয়ের প্যান্ডেল হবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়।”