বীরভূম, বোলপুর : বীরভূমের বোলপুরে, ঠিকাদারদেরকে নিয়ে ‘গোপন’ বৈঠকের অভিযোগ উঠল জেলাস্তরের এক বিজেপির নেতার বিরুদ্ধে। বৈঠক চলাকালীন হোটেলেই দলবল নিয়ে হাজির হলেন তাঁরই দলের শহর মণ্ডল সভাপতি। ঠিকাদারদের সামনেই তর্কাতর্কিতে জড়াল দুই পক্ষ। যা ঘিরে ফের প্রকাশ্যে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। 

কয়েকজন ঠিকাদারকে নিয়ে হোটেলের ঘরে চলছিল বৈঠক। বৈঠকে বসে ছিলেন বিজেপির জেলা স্তরের নেতা। আচমকা সেখানে হাজির হন বিজেপিরই শহর মণ্ডল সভাপতি। তারপরই তৈরি হয় হুলস্থুল পরিস্থিতি। উপস্থিত ঠিকাদারদের সামনেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বেধে যায় প্রবল বাগবিতণ্ডা। বীরভূমের বোলপুরের এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতেই ফের সামনে চলে এসেছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। 

পালাবদলের পর বোলপুরে ঠিকাদারদের মধ্যে সমন্বয়ের জন্য একটি কমিটি গড়ে দেয় বিজেপি। কিন্তু বিজেপির এক গোষ্ঠীর অভিযোগ, শুক্রবার রাতে, বোলপুরের একটি হোটেলে ঠিকাদারদেরদের একাংশকে নিয়ে আলাদা করে ‘গোপন’ বৈঠকে বসেন বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ মিশ্র। বৈঠক চলাকালীন সেখানেই আচমকা দলবল নিয়ে হাজির হন বোলপুরের বিজেপি শহর মণ্ডল সভাপতি কাঞ্চন ঘোষ। ভাইরাল এই ভিডিও ঘিরে, বিজেপির অন্দরেই তৈরি হয়েছে ভিন্নমত। সব মিলিয়ে, ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে। 

‘ব্রাত্যদা রাজনীতি করুন বা না করুন, ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না’, দাবি ঋতব্রতর 

বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিকাশ মিশ্র বলছেন, ‘এটা জেলা সভাপতির নির্দেশেই এক জায়গায় বসে বৈঠক। অনেক কনট্রাক্টররা পার্টি অফিসে আসতে চায়নি, লজে হয়েছে। আমাদের মণ্ডল সভাপতি সেই সময় গিয়ে কোনও কিছু অজান্তে না বুঝে এই ধরনের একটা বিতর্কিত ব্যবস্থা তৈরি করেছেন। আগামী দিনে উনি ভুলটা বুঝবেন। না হলে দল দলের মতো ব্যবস্থা নেবে।’ অন্যদিকে, বিজেপির বোলপুর শহর মণ্ডল সভাপতি কাঞ্চন ঘোষ বলছেন, ‘হয়তো অন্য সম্মতি ছিল। যে ঘটনাটা ওখানে ঘটছে, তার(বিজেপির জেলা সভাপতি) সম্মতি ছিল না, অন্য সম্মতি ছিল। উনি (বিজেপির জেলা সভাপতি) বলেছেন, যে ঠিক মতো যাতে কাজ নয়। অবশ্যই। কিন্তু হয়তো ভিডিও অন্য কথা বলছে। অন্তর্দ্বন্দ্ব তো থাকবেই। ন্যায়-অন্যায়ের ব্যাপার তো থাকবেই। দুর্নীতিমুক্ত বোলপুর করার আমি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। আমাকে এক প্রকার জানিয়ে দিলেই হত।’ 

এদিকে এই ইস্য়ু অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। সিপিএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেছেন, ‘তৃণমূলের সঙ্গে বিজেপিতে আলাদা করতে পারছে না মানুষ। বোঝাই যাচ্ছে আগে যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। একই দলের মধ্যে যখন বিরোধ হয়, মারামারি হয়, ফাটাফাটি হয়, তখন বুঝতে হবে ওর ভিতরে মতাদর্শগত মারামারি হচ্ছে না, লুঠের কারণেই হচ্ছে।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *