কলকাতা: বিগ বসের ঘর মানেই, প্রায় রোজই নতুন নতুন বিতর্ক! সদ্যই এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, অভিনেত্রী নন্দিনী দত্ত (Nandini Dutta)। তিনি এই শো-এর বেশ জনপ্রিয় প্রতিযোগী হলেও, বিগ বসের বাড়ির নিয়ম ভাঙার জন্যই বেরিয়ে যেতে হল তাঁকে। এই বাড়িতে থাকাকালীনই রাজবীর দে (Rajveer De) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নন্দিনী। তাঁদের রসায়ন বিগ বসের ঘরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল একটা সময়ে, কিন্তু কথায় কথায় তাঁদের বাকবিতণ্ডাও বিরক্ত করে তুলেছিল দর্শক থেকে শুরু করে বাড়ির অন্যান্য প্রতিযোগীদেরও। অবশেষে, বিগ বসের বাড়ির সফর শেষ হয়ে গেল নন্দিনীর। কিন্তু এরপরে, বিগ বসের বাড়িতে থেকে রাজবীর যা করলেন, তাতে নতুন করে তৈরি হল বিতর্ক।
বিদায়ী প্রতিযোগীদের লেখা মুছে দিয়ে বিতর্কে রাজবীর
বিগ বস বাংলার বাড়ির একটি নিয়ম রয়েছে। এই বাড়ি থেকে যিনিই বেরিয়ে যান, তিনি বিদায়ী নোট হিসেবে বাড়িতে রাখা একটি বোর্ডে লিখে রেখে যান কয়েকটা লাইন। যতদিন তিনি বাড়িতে ছিলেন, যা যা সুন্দর স্মৃতি তিনি এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন, যা ফেলে যাচ্ছেন… এই সবকিছু মিলিয়েই কয়েকটা লাইন বোর্ডে লিখে রেখে যান তিনি। বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময়েই, সবার মতো নিজের কথা লিখে রেখে গিয়েছিলেন নন্দিনীও। তবে রাজবীরের অভিযোগ, সেই লেখাটি নাকি কেউ মুছে ফেলেছেন!
নন্দিনী চলে যাওয়ার পর থেকেই, বেশ মনমরা হয়ে রয়েছেন রাজবীর। নিজের খেলাটা তিনি খেলছেন তিনি, তবে বারে বারে রাজবীরের প্রতি কথাতেই উঠে আসছে নন্দিনীর কথা। এমনকি দীপাবলির উপহারও নিজে না নিয়ে, বিশেষ একটি বার্তা লিখে নন্দিনীকে পাঠিয়ে দিতে বলেন রাজবীর। তবে বিগ বসের বাড়ির সেই বোর্ডে নন্দিনীর লেখা নেই দেখে, রেগে যান রাজবীর। তিনি বাকি সমস্ত প্রতিযোগীদের লেখাও মুছে দেন। এতে ভীষণ বিরক্ত হন বাড়ির অন্যান্য সদস্যরা। সোনামণি বলেন, এই কাজ করে বাড়ি থেকে চলে যাওয়া সমস্ত প্রতিযোগীকেই অপমান করলেন রণবীর। রেগে গিয়ে চিৎকার করেন সৌরভ। রণিতা বলেন, নন্দিনীর লেখা তাঁরা কেউ মোছেননি। বরং নন্দিনী নিজেই নিজের লেখাটি মুছে দিয়েছিলেন। সেই কারণেই নন্দিনীর লেখাটি নেই। রাজবীর এরপরে ক্ষমা চেয়ে নিলেও, যথেষ্ট বিরক্ত হন বাড়ির অন্যান্যরা। আর সোশ্যাল মিডিয়াতেও রাজবীরের এই কাজ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।