মুম্বই : ‘বিগ বস’- এর প্রতিযোগীর বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। এক চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁকে নৃশংস ভাবে মারধরে করার অভিযোগ উঠেছে ‘বিগ বস মারাঠি’- র (সিজন ৬) প্রতিযোগী এবং ‘রিল স্টার’ দিব্যা শিন্ডের বিরুদ্ধে। অভিযোগ, পুণের এক চিকিৎসকের বাড়িতে জোর করে ঢুকে তাঁকে আক্রমণ করেছেন দিব্যা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ওই চিকিৎসকের থেকে ৫ লক্ষ টাকা আদায় করতে না পেরে, তাঁর গাড়ি লুঠ করেছেন দিব্যা। অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৭ জনের বিরুদ্ধেও রুজু হয়েছে মামলা। 

ডক্টর বিদ্যাধর গাইকোয়াড, পুণে ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) দিব্যা শিন্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই চিকিৎসকের অভিযোগ, দিব্যা এবং বাকি অভিযুক্তরা তাঁর থেকে ৫ লক্ষ টাকা চেয়েছিল একটি প্রোমোশনাল ইভেন্টে কাজ করার জন্য। চিকিৎসক এও জানিয়েছেন, অগস্ট মাস থেকে তাঁর কাছে ফোন আসা শুরু হয়েছিল এবং বারংবার ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। গত ১৭ সেপ্টেম্বর ‘বিগ বস মারাঠি’- র প্রতিযোগী দিব্যা তাঁর বাড়িতে যান বলে অভিযোগ করেছেন চিকিৎসক। দিব্যার সঙ্গে আরও বেশ কয়েকজন লোক ছিল বলেও অভিযোগ করেছেন ওই পুণের ওই ডাক্তার। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপর ২৩ সেপ্টেম্বর একটি হোটেলে ডেকে পাঠানো হয় ওই চিকিৎসককে। সেখানে আবারও তাঁর কাছে ৫ লক্ষ টাকা চাওয়া হয়। তবে এবার শুধু টাকা চেয়েই ব্যাপারটা শেষ হয়নি। চিকিৎসকের অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হয় যে টাকা না দিলে বাড়িতে গুন্ডা পাঠিয়ে মারধর করা হবে। এরপর ২৪ সেপ্টেম্বর রাতে দিব্যা- সহ ৮-১০ জন চড়াও হন ওই চিকিৎসকের বাড়িতে, এমনটাই অভিযোগ তাঁর। জোর করে তাঁরা ঢুকে পড়েন ডাক্তারের বাড়িতে। সেই সময় স্বভাবতই বাধা দেওয়ার চেষ্টা করেন চিকিৎসক বিদ্যাধর গাইকোয়াড। আর সেই সময়েই তাঁকে মারাত্মক মারধর করা হয়। অভিযোগ, লাথি, ঘুষি কিছুই বাদ যায়নি। মুখে, পেটে, পিঠে ঘুষি মারা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে নিজের অভিযোগে চিকিৎসক এও বলেছেন যে, তাঁকে ধারালো অস্ত্র, লাঠি, বেল্ট এবং লোহার বাসনপত্র দিয়ে মারধর করা হয়েছিল। 

আক্রমণকারীদের কাছে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য মিনতিও করেন চিকিৎসক। তিনি জানান যে, তিনি একজন প্যারালাইসিসের রোগী। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। মারধর তো থামেইনি, উল্টে নাগাড়ে চলেছে অত্যাচার, অভিযোগ ডাক্তারের। মারধর করার পর ডাক্তারের বাড়িও তছনছ করেন আক্রমণকারীরা। চলে যাওয়ার সময় চিকিৎসকের গাড়িটিও সঙ্গে নিয়ে যান তাঁরা। এমনই অভিযোগ করেছেন পুণের ওই ডাক্তার। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *